আজকের দিনেভারত

মোহন ভাগবতকে হত্যার চেষ্টা! উত্তরপ্রদেশে আরএসএস প্রধানের ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, ফিরোজাবাদ :- আবারও টার্গেটে আরএসএস প্রধান মোহন ভাগবত। উত্তরপ্রদেশে চলন্ত ট্রেনে তাঁর কামরা লক্ষ্য করে পাথর ছুঁড়ল দুষ্কৃতীরা। পাথরের আঘাতে কাচ ভাঙলেও অক্ষত রয়েছেন সরসংঘপ্রধান। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার একই ধরনের হামলার ঘটনা ঘটল।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ। স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসে উত্তরপ্রদেশ থেকে দিল্লি ফিরছিলেন মোহন ভাগবত। রেল পুলিশ সূত্রে খবর, কানপুর থেকে দিল্লি যাওয়ার পথে ফিরোজাবাদ জেলার মাকখানপুর স্টেশন অতিক্রম করার সময় ই-১ কোচ লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। পাথরের আঘাতে জানলার কাচের বাইরের অংশটি ভেঙে যায়।

ঘটনার সময় মোহন ভাগবত আক্রান্ত জানলার উল্টো দিকের আসনে বসেছিলেন। খবর পেয়েই টুন্ডলা স্টেশনে ট্রেনটিকে জরুরি ভিত্তিতে দাঁড় করানো হয়। নিরাপত্তা খতিয়ে দেখে ফের ট্রেনটি রওনা করে এবং তিনি অক্ষত অবস্থায় দিল্লি পৌঁছান। রেল পুলিশের প্রাথমিক অনুমান, হামলার নিশানায় ছিলেন মোহন ভাগবত নিজেই। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। উল্লেখ্য, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও লখনউ-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে তাঁর সি-৪ কোচ লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছিল। বারবার একই রাজ্যে, একই কায়দায় হামলার ঘটনায় উদ্বিগ্ন আরএসএস অনুগামীরা।

ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, ১৯৬৮ সালে উত্তরপ্রদেশের মুঘলসরাই স্টেশনে চলন্ত ট্রেনেই রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল জনসংঘের প্রতিষ্ঠাতা দীনদয়াল উপাধ্যায়ের। সেই ঘটনার পর ফের উত্তরপ্রদেশেই চলন্ত ট্রেনে সংঘপ্রধানের ওপর হামলা নতুন করে প্রশ্ন তুলছে।

মোহন ভাগবত দেশের সর্বোচ্চ শ্রেণির নিরাপত্তা পান। তা সত্ত্বেও পরপর দুবার চলন্ত ট্রেনে তাঁকে লক্ষ্য করে হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। কারা, কেন বারবার তাঁকে নিশানা করছে, তা খতিয়ে দেখছে রেল পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *