কয়লা পাচার কাণ্ডে অভিষেক ঘনিষ্ঠ বিনয় মিশ্রর বাবা-মাকেও ‘ফেরার’ ঘোষণা করল ED
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- কয়লা পাচার মামলায় এবার আরও কড়া পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বিনয় মিশ্রকে আগেই ‘ফেরার’ ঘোষণা করেছিল ED। এবার বিনয়ের বাবা তেজ বাহাদুর মিশ্র ও মা ললিতা মিশ্রকেও ‘ফেরার’ বলে ঘোষণা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে ED জানিয়েছে, তেজ বাহাদুর মিশ্র ও ললিতা মিশ্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বারবার সমন পাঠানো সত্ত্বেও তাঁরা আদালতে হাজিরা দিচ্ছেন না। ED সূত্রে খবর, চলতি মাসের ৩০ তারিখের মধ্যে দুজনকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হবে।
কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্র দীর্ঘদিন ধরেই ফেরার। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি রয়েছে। তদন্তকারীদের দাবি, কয়লা পাচারের টাকা বিদেশে পাঠানো ও বেনামি সম্পত্তি কেনার ক্ষেত্রে বিনয়ের বাবা-মায়েরও যোগ রয়েছে। সেই সূত্রেই তাঁদের তলব করা হয়েছিল। কিন্তু হাজিরা না দেওয়ায় এবার তাঁদেরও ‘ফেরার’ ঘোষণা করল ED।
কয়লা পাচার মামলায় বিনয় মিশ্রর পাশাপাশি এবার তাঁর পরিবারের সদস্যরাও ED-র স্ক্যানারে। আদালতের নির্দেশ অনুযায়ী ৩০ তারিখের মধ্যে আত্মসমর্পণ না করলে সম্পত্তি বাজেয়াপ্তের পথে হাঁটবে কেন্দ্রীয় সংস্থা। এই ঘটনায় ফের একবার রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
