আলিপুর জেলা পরিষদের অফিসে আগুন, দেবাংশু পান্ডার নিশানায় জাহাঙ্গীর খান
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের আলিপুরের অফিসে ভয়াবহ আগুন। সর্বপ্রথম আগুন লাগে দু’দিন আগে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর খানের পূর্ত দপ্তরের অফিসে। ‘ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে’, অভিযোগ ফলতার বিধায়ক দেবাংশু পান্ডার। মুখ্যমন্ত্রীকে মেল করে তদন্তের দাবি করেছেন তিনি।
বুধবার সকালে আলিপুরে জেলা পরিষদের অফিসে আগুন লাগে। দমকলের কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ত দপ্তরের অফিস থেকেই আগুনের সূত্রপাত। ওই দপ্তরটি প্রাক্তন কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খানের। গত পরশুদিন ভারত-নেপাল সীমান্ত থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
এর ঠিক পরের দিন, ৯ জুন, ফলতা থানায় জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন একাধিক ঠিকাদার। অভিযোগ, টেন্ডার পাইয়ে দেওয়ার নামে জাহাঙ্গীর ৭% থেকে ১০% পর্যন্ত অগ্রিম টাকা নিতেন। জাহাঙ্গীরের পুত্র জেলা পরিষদে কর্মরত থাকায় এই প্রভাব খাটানো সহজ হত বলে দাবি ঠিকাদারদের।
ঠিকাদারদের অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই জাহাঙ্গীরের অফিসে আগুন লাগার ঘটনাকে ‘কাকতালীয়’ মানতে নারাজ ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা। তাঁর দাবি, “জাহাঙ্গীরের সঙ্গে ওখানকার আমলারা, ক্লার্ক থেকে পিওন অনেকেই জড়িত ছিল। তথ্যপ্রমাণ লোপাটের জন্যই জাহাঙ্গীর-অনুগামী ওই আমলারা আগুন লাগিয়ে দিয়েছে।”
এই ঘটনায় জেলা পরিষদের গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ফলতা বিধানসভার বিধায়ক দেবাংশু পান্ডা ইতিমধ্যেই গোটা বিষয়টি মেলের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়ে এসটিএফ তদন্তের দাবি করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গ্রেপ্তার, অভিযোগ ও আগুনের ঘটনাপ্রবাহ জেলার রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে।
