Everest scandal-Arup : মেসি কাণ্ডের পর এবার ‘এভারেস্ট কাণ্ড’, অরূপের বিরুদ্ধে মুখ খুললেন পিয়ালি !
কিউ ইন্ডিয়া বাংলা:- মেসি কাণ্ডে তলবের মুখে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে ‘এভারেস্ট দুর্নীতি’র অভিযোগ আনলেন এভারেস্টজয়ী পিয়ালি বসাক। রাজ্য সরকারের পর্বতারোহন অভিযানে নিম্নমানের সরঞ্জাম দেওয়া ও মৃতদেহ উদ্ধারের টাকা তছরুপের অভিযোগ তুলেছেন তিনি।
হুগলির চন্দননগরের বাসিন্দা পিয়ালি বসাক জানান, ২০১৮ সালে রাজ্য সরকারের উদ্যোগে একটি পর্বতারোহন অভিযানের আয়োজন হয়। যুবকল্যাণ ও ক্রীড়া দফতর ১০ জনকে বেছে নিয়েছিল। অভিযোগ, সরকারের দেওয়া তাঁবু ও স্লিপিং ব্যাগ ছিল অত্যন্ত নিম্নমানের। পিয়ালির দাবি, “মাত্র ২১ হাজার ফুট উচ্চতায় গিয়েই ৫ জনের ফ্রস্টবাইট হয়। তাঁদের হাত ও পায়ের আঙুল বাদ দিতে হয়েছে।”
তখন দফতরের দায়িত্বে ছিলেন অরূপ বিশ্বাস। পর্বতারোহীদের নিয়ে গঠিত কমিটিতে ছিলেন দেবদাস নন্দী, সত্যরূপ সিদ্ধান্ত, দেবরাজ দত্ত ও উজ্জ্বল রায়।
পিয়ালি আরও বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর কথায়, “ছন্দা গায়েন, দীপঙ্কর ঘোষ, গৌতম ঘোষ, পরেশ নাথ, সুভাষ নাথদের মতো পর্বতারোহীদের মৃতদেহ খুঁজতে রাজ্য সরকার মাথাপিছু ২ কোটি টাকা দিয়েছিল। অথচ নেপালের এজেন্সি বলছে তারা টাকা পায়নি। সেই টাকা কোথায় গেল?”
অরূপ বিশ্বাসকে একাধিকবার জানালেও কাজ হয়নি বলে দাবি পিয়ালির। অভিযোগ, মন্ত্রীর দেহরক্ষীরা তাঁকে বার করে দিয়েছিলেন।
২০১৯ সালের ঘটনার কথাও তুলে ধরেন পিয়ালি। “এভারেস্ট সামিটের সময় একজন শেরপা আমায় মেরেছে। ওই কমিটির লোকজন শেরপাকে টাকা খাইয়ে ২৮ হাজার ফুট উচ্চতায় আমায় মেরেছে। যাতে আমার এভারেস্ট সামিট না হয়। আমার জিনিসপত্র ওই শেরপা বিদেশিদের দিয়ে দিত। এরপরও চূড়ায় পৌঁছেছি আমি।”
মেসি কাণ্ডে আগামীকাল সোমবারই বিধাননগর পুলিশের মুখোমুখি হওয়ার কথা অরূপ বিশ্বাসের। তার আগেই পিয়ালির এই অভিযোগে নতুন করে অস্বস্তিতে প্রাক্তন মন্ত্রী। রাজ্যে পালাবদলের পর একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। ‘এভারেস্ট কাণ্ড’ নিয়ে এবার তদন্ত হয় কি না, সেটাই দেখার।
