আজকের দিনেবাংলার আয়নাভারতরাজনীতি

Shamik-Bansal-Delhi : বঙ্গে বড় রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসলের দীর্ঘ বৈঠকে সবুজ সঙ্কেত !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্য মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ নেতা। প্রশাসনিক ব্যস্ততা বাড়ায় সংগঠনের কাজে সময় দিতে পারছেন না তাঁরা। এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপিতে বড়সড় সাংগঠনিক রদবদলের প্রস্তুতি। জেলা থেকে রাজ্য স্তর – সব জায়গায় নতুন মুখ আনার পথে দল। দিল্লিতে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনসলের দীর্ঘ বৈঠকে রূপরেখা চূড়ান্ত।

সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হয়েছে। বিজেপির একাধিক শীর্ষ নেতা প্রশাসনিক দায়িত্ব পেয়েছেন। দলীয় সূত্রে খবর, মন্ত্রী হওয়ার পর তাঁরা দপ্তরের কাজে বেশি সময় দিচ্ছেন। ফলে সংগঠনের দৈনন্দিন কাজকর্মে ছেদ পড়ছে। তাই নতুন নেতৃত্ব আনার প্রয়োজনীয়তা অনুভব করছে শীর্ষ নেতৃত্ব।

এই বিষয়ে আলোচনা করতেই গত দু’দিন ধরে দিল্লিতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। শুক্রবার রাতে সুনীল বনসলের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় তাঁর। সূত্রের দাবি, ওই বৈঠকেই সাংগঠনিক পুনর্গঠনের রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

জানা গিয়েছে, জেলা থেকে রাজ্য স্তর পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ আনার বিষয়ে নীতিগত সম্মতি তৈরি হয়েছে। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করাই মূল লক্ষ্য।

বিজেপি নেতৃত্বের মতে, সরকার ও সংগঠন – দুই ক্ষেত্রেই ভারসাম্য রাখতে নতুন নেতৃত্ব জরুরি। দলের অন্দরের খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রাজ্য বিজেপির সাংগঠনিক কাঠামোয় একাধিক পরিবর্তনের ঘোষণা হতে পারে। লোকসভার আগে ঘর গোছাতেই এই রদবদল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *