আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Bhangarh Blast-Shawkat : জামিন খারিজ, ভাঙড় বিস্ফোরণের ‘মূল সন্দেহভাজন’ শওকত ১৪ দিনের এনআইএ হেফাজতে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ভাঙড় বোমা বিস্ফোরণ কাণ্ডে ধৃত তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিল আদালত। শনিবার ব্যাঙ্কশাল কোর্টের এনআইএ আদালতে শওকতকে ‘মূল ষড়যন্ত্রকারী’ বলে উল্লেখ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১৯ জুন পর্যন্ত হেফাজতে থাকতে হবে তাঁকে।

এনআইএ-র আইনজীবী আদালতে জানান, শওকত ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক এবং এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা। জামিন পেলে তদন্ত প্রভাবিত করতে পারেন, এই যুক্তিতে ১৪ দিনের হেফাজত চাওয়া হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।

শুক্রবার গ্রেপ্তারের পর শওকতের কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি পেনড্রাইভ উদ্ধার করে এনআইএ। সেগুলির ফরেন্সিক পরীক্ষার আবেদনও মঞ্জুর করেছে আদালত।

এনআইএ-র দাবি, শওকতই এই বিস্ফোরণ কাণ্ডের ‘হোতা’। তিনিই বাকি অভিযুক্তদের পরিচালনা করতেন এবং বিস্ফোরণের পর ঘটনাস্থলের প্রমাণ নষ্ট করার নির্দেশ দিয়েছিলেন। বিস্ফোরণের পর নিজের স্করপিও গাড়িতে মৃত ও আহতদের সরিয়ে নেওয়া আরও এক অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়েছে।

এই মামলায় এখনও পর্যন্ত মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে এনআইএ। তাঁদের মধ্যে দুই জন জেল হেফাজত ও একজন এনআইএ হেফাজতে রয়েছেন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ইলেক্ট্রনিক ডিভাইসগুলির ফরেন্সিক পরীক্ষার আবেদনও শনিবার মঞ্জুর করেছেন বিচারক।

অন্যদিকে শওকতের আইনজীবী সুমন দাস জামিনের আবেদনে জানান, জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান শওকত। সেই নিরাপত্তা টপকে বোমা বিস্ফোরণ করানো তাঁর পক্ষে সম্ভব নয়। তবে আদালত এনআইএ-র যুক্তিই মেনে নেয়।

বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণে একজনের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েকজন। সেই ঘটনার তদন্তে বৃহস্পতিবার ভাঙড়ে হানা দেয় এনআইএ। শওকতের বাড়ি, দলীয় কার্যালয়-সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। যদিও পরিবারের দাবি, তিনি আত্মসমর্পণ করেছেন।

১৯ জুন পর্যন্ত এনআইএ হেফাজতে থাকতে হবে শওকত মোল্লাকে। উদ্ধার হওয়া মোবাইল ও পেনড্রাইভের ফরেন্সিক রিপোর্ট এই মামলার মোড় ঘোরাতে পারে বলে মনে করছে তদন্তকারী সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *