মেখলিগঞ্জ পৌরসভায় বড় পালাবদল: চেয়ারম্যান-সহ ৬ কাউন্সিলর যোগ দিলেন কংগ্রেসে
কিউ ইন্ডিয়া বাংলা:- কোচবিহারের মেখলিগঞ্জ পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল ঘটল। বুধবার কলকাতার বিধান ভবনে চেয়ারম্যান প্রভাত পাটনি-সহ ৬ জন পৌরপ্রতিনিধি আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন। ৯ সদস্যের বোর্ডে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরের দলবদলে উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হল।
কংগ্রেসের দলীয় সূত্রে খবর, মেখলিগঞ্জ পৌরসভার মোট ৯ জন সদস্যের মধ্যে ৬ জন এদিন কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার, দেবপ্রসাদ রায়, বিশ্বজিৎ সরকার-সহ শীর্ষ নেতৃত্ব। হাত শিবিরের নেতৃত্বের দাবি, রাজ্যজুড়ে সংগঠন শক্তিশালী হচ্ছে এবং মানুষের সমর্থন বাড়ছে। মেখলিগঞ্জের এই যোগদান সেই ধারাকেই আরও মজবুত করবে। অন্যদিকে, যোগদানকারী চেয়ারম্যান প্রভাত পাটনি ও অন্য কাউন্সিলররা জানান, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানুষের স্বার্থকে সামনে রেখেই তাঁরা কংগ্রেসে যোগ দিয়েছেন। আগামী দিনে জনগণের জন্য আরও সক্রিয়ভাবে কাজ করার আশ্বাস দেন তাঁরা।
রাজনৈতিক মহলের মতে, বোর্ডের দুই-তৃতীয়াংশ সদস্যের দলবদল শুধু পৌরসভা নয়, গোটা উত্তরবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিতেই প্রভাব ফেলতে পারে। এই যোগদানকে কেন্দ্র করে বিধান ভবন চত্বরে কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
৯ সদস্যের বোর্ডে ৬ জনের কংগ্রেসে যোগদান মেখলিগঞ্জ পৌরসভার ক্ষমতার রাশ সরাসরি কংগ্রেসের হাতে তুলে দিল। এই পালাবদল আগামী দিনে কোচবিহার তথা উত্তরবঙ্গের পুর-রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
