আজকের দিনেবাংলার আয়না

ত্রাণ পড়ে নষ্ট, রাতের অন্ধকারে পাচারের অভিযোগ! ঝড়কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফুঁসছে তেতুলিয়া

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের তেতুলিয়া ও ইন্দ্রনারায়ণপুর এলাকায় বৃহস্পতিবার থেকেই উত্তেজনার পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তেতুলিয়া এলাকায় অবস্থিত বহুমুখী ঝড়কেন্দ্রে দীর্ঘদিন ধরে আইলা-পরবর্তী বিভিন্ন ত্রাণসামগ্রী মজুত অবস্থায় পড়ে রয়েছে। বছরের পর বছর ব্যবহার না হওয়ায় সেই সামগ্রীগুলির একটি বড় অংশ নষ্ট হয়ে যাচ্ছে বলে দাবি তাঁদের। একই সঙ্গে রাতের অন্ধকারে ওই ত্রাণসামগ্রীর একাংশ পাচার করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা।

এই অভিযোগ সামনে আসতেই দলমত নির্বিশেষে এলাকার বহু মানুষ ঝড়কেন্দ্রের সামনে জড়ো হয়ে বিক্ষোভে সামিল হন। ক্ষোভে ফেটে পড়া বিক্ষোভকারীদের একাংশ ঝড়কেন্দ্রের চারটি দরজায় তালা ঝুলিয়ে দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঢোলাহাট থানার পুলিশ।

বিক্ষোভকারীদের দাবি, পাথরপ্রতিমা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিওকে ঘটনাস্থলে এসে সরকারি নথিতে উল্লেখ থাকা হিসাবের সঙ্গে ঝড়কেন্দ্রে মজুত সমস্ত ত্রাণসামগ্রী মিলিয়ে দেখতে হবে। পাশাপাশি সেই হিসাব জনসমক্ষে প্রকাশ করারও দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের বক্তব্য, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ সরকারি সামগ্রী বছরের পর বছর অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাই এই বিষয়ে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। তবে বিক্ষোভকারীদের স্পষ্ট বক্তব্য, বিডিও নিজে উপস্থিত হয়ে হিসাব না দেওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। ফলে পরিস্থিতির দিকে নজর রয়েছে প্রশাসন ও স্থানীয় বাসিন্দা উভয়েরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *