আজকের দিনেখেলাভারত

Team India-Cricket : বিশ্বকাপ জয়ের তিন মাস পরই বড় ধাক্কা টিম ইন্ডিয়ায়, সূর্যকুমারকে নিয়ে সিদ্ধান্ত !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- অধিনায়ক হিসেবে সফল, ব্যাট হাতে ব্যর্থ— জল্পনাই সত্যি হল। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর তিন মাসের মধ্যেই ভারতের টি-টোয়েন্টি দলে বড় রদবদল। শুধু নেতৃত্ব নয়, ভবিষ্যতে দলেও জায়গা অনিশ্চিত এক তারকা ক্রিকেটারের। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিল বিসিসিআই।

চলতি মাসের শেষে আয়ারল্যান্ডে দুটি ও ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। তার আগেই নতুন টি-টোয়েন্টি সাইকেলের জন্য দলে বদল আনছে বিসিসিআই, নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্ট। প্রধান কোচ গৌতম গম্ভীরও এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন।

বিসিসিআই-এর এক শীর্ষকর্তা নাম না প্রকাশের শর্তে জানান, ‘তাঁর নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। কিন্তু সাম্প্রতিক ফর্ম এবং ভবিষ্যতের কথা বিবেচনা করে আমরা নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচক কমিটি, বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট মনে করছে এখন পরিবর্তনের সময়।’

সূত্রের দাবি, আসন্ন সিরিজ়ের দল নির্বাচনে সূর্যকুমার যাদবের নাম বিবেচনায় রাখা হবে না। খুব শীঘ্রই তাঁকে বোর্ডের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। অধিনায়কত্বও হারাচ্ছেন তিনি।

২০২৪ সালে রোহিত শর্মা অবসর নেওয়ার পর টি-টোয়েন্টি দলের দায়িত্ব পান সূর্য। তাঁর নেতৃত্বেই ২০২৬ সালে বিশ্বকাপ জেতে ভারত। কিন্তু ব্যাট হাতে দীর্ঘদিন ধরেই রান পাচ্ছেন না তিনি। আইপিএল ২০২৬-এ ১৩ ইনিংসে করেছেন মাত্র ২৭০ রান, গড় ২০.৭৬। শেষ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে অর্ধশতরান করলেও গোটা মরসুমে প্রত্যাশা পূরণ করতে পারেননি।

অধিনায়ক হিসেবে ট্রফি এনে দিলেও ব্যাটিং ফর্মই কাল হল সূর্যকুমারের। বিশ্বকাপ জয়ের তিন মাসের মধ্যেই নেতৃত্ব হারানো নজিরবিহীন। বিসিসিআই সূত্রে খবর, তাঁর উত্তরসূরি হিসেবে দৌড়ে এগিয়ে রয়েছেন শ্রেয়স আইয়ার। নতুন অধিনায়কের হাত ধরে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চাইছে ভারতীয় বোর্ড। এখন দেখার, দলে জায়গা ধরে রাখতে পারেন কি না সূর্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *