‘কলেজ না হোটেল?’ সুরেন্দ্রনাথ কাণ্ডে দিলীপের নিশানায় মমতা
কিউ ইন্ডিয়া বাংলা:- পোড়া নোট উদ্ধারকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে চর্চায় কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ। সন্ধ্যায় সামনে এল আরও বিস্ফোরক তথ্য। কলেজ চত্বরেই মিলল তৃণমূল নেতার এসি, অ্যাটাচ বাথরুম সহ বিলাসবহুল বেডরুম। সেখান থেকে উদ্ধার হয়েছে কন্ডোম, মদের বোতল ও আগ্নেয়াস্ত্র।
টেরেস ফেসিলিটির নামে দুটি বেডরুম উদ্বোধন করেছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, রুম দুটি ব্যবহার করতেন কলেজ পরিচালন সমিতির সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও তাঁর ছেলে শিবাশিস। বিছানা, এসি থেকে অ্যাটাচ বাথরুম — সবই মজুত। অভিযোগ, কলেজে চাকুরিরতদের দিয়ে ম্যাসাজ করানো হত এবং ঘণ্টা হিসেবে ঘর ভাড়াও দেওয়া হত। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে কন্ডোম, ছাদে মিলেছে মদের বোতল।বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, “একটা রাজ্যের কী হাল করে ছেড়েছে। কলেজে এসব চলছে। কসবা কলেজে দলের ছাত্রীকে ধর্ষণ করছে নেতা, হাসপাতালে চিকিৎসককে খুন করা হচ্ছে! উনি সব জানতেন।”যদিও অভিযুক্ত দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই বেডরুম সম্পর্কে তিনি কিছুই জানেন না।
শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে বিলাসবহুল বেডরুম ও আপত্তিকর সামগ্রী উদ্ধারের ঘটনায় শাসক-বিরোধী চাপানউতোর তুঙ্গে। পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে সব মহল।
