Karnataka-CM : মসনদে শিবকুমার, তবুও ‘কাবেরী’ ছাড়ছেন না সিদ্দারামাইয়া — কর্নাটকে কংগ্রেসের কোন্দল প্রকাশ্যে !
কিউ ইন্ডিয়া বাংলা: -কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেও সরকারি বাসভবন ‘কাবেরী’ ছাড়ছেন না সিদ্দারামাইয়া। বুধবার ২৫তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ডিকে শিবকুমার। কিন্তু বিদায়ী মুখ্যমন্ত্রী ২০২৮ সাল পর্যন্ত কাবেরী বাংলোতেই থাকবেন বলে সমঝোতা হয়েছে। ঘটনায় কর্নাটক কংগ্রেসের গোষ্ঠীকোন্দল ফের প্রকাশ্যে।
আট বছরের রাজ্যপাট শেষে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন সিদ্দারামাইয়া। মসনদে বসছেন ডিকে শিবকুমার। নিয়ম অনুযায়ী নতুন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ওঠার কথা। কিন্তু সিদ্দা ‘কাবেরী’ ছাড়তে নারাজ। সূত্রের খবর, কংগ্রেসের দুই শীর্ষ নেতার মধ্যে সমঝোতা হয়েছে। সেই অনুযায়ী সিদ্দারামাইয়া ২০২৮ সাল পর্যন্ত কাবেরী বাংলোতেই বসবাস করবেন। অন্যদিকে, শিবকুমার আপাতত নিজের ব্যক্তিগত বাসভবন থেকেই কাজ চালাবেন। পরে তিনি অন্য কোনও সরকারি বাংলোয় যেতে পারেন।
ইস্তফার পর দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে বৈঠক করেন সিদ্দা। রাহুল ও মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে নিজের দাবি পেশ করেন তিনি। এমএলসি পদে নিয়োগের জন্য নামের তালিকা দেন। পাশাপাশি মন্ত্রিসভায় কাদের রাখতে হবে সে তালিকাও হাইকমান্ডকে দিয়েছেন।
মুখ্যমন্ত্রী থাকাকালীন শিবকুমারের হাতে থাকা দপ্তরগুলি যাতে তাঁর পুত্র যতীন্দ্র সিদ্দারামাইয়াকে দেওয়া হয়, সেই দাবিও রেখেছেন সিদ্দা। এই তালিকায় রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, অনগ্রসর জাতি কল্যাণ, শিল্প বা জলসম্পদ দপ্তর।
হাইকমান্ডের তরফে সিদ্দাকে রাজ্যসভায় পাঠানোর প্রস্তাব দেওয়া হলেও তিনি তা খারিজ করেছেন। জানিয়েছেন, কর্নাটক রাজনীতিতেই স্থায়ীভাবে যুক্ত থাকতে চান।
শিবকুমার মুখ্যমন্ত্রী হলেও ‘কাবেরী’ বাংলো, মন্ত্রিসভার রাশ ও পুত্রের জন্য গুরুত্বপূর্ণ দপ্তরের দাবি— সব মিলিয়ে সিদ্দারামাইয়া বুঝিয়ে দিলেন কর্নাটক কংগ্রেসে তাঁর প্রভাব কমেনি। বাসভবন নিয়ে সমঝোতা হলেও, দুই নেতার টানাপোড়েনে দক্ষিণী রাজ্যে কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল আর চাপা থাকছে না।
