‘মমতা ভাইপোকে শাসন করেননি’, ক্ষোভ উগরে মেয়র পারিষদ পদে ইস্তফা তারক সিংয়ের
কিউ ইন্ডিয়া বাংলা :-তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা দিলেন তারক সিং। মঙ্গলবার কলকাতা পুরসভায় পৌঁছে পদত্যাগের কথা জানান ১১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা নিকাশি বিভাগের মেয়র পারিষদ। তাঁর দাবি, ‘সর্বোচ্চ নেতৃত্বের বদল চাই’।
এদিন পুরসভায় এসে তারক সিং বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে সঠিক ভাবে শাসন করেননি। অভিভাবক হিসেবে তিনি ব্যর্থ। সঠিক ভাবে শাসন করলে আজকে একজনের চুরির দায় গোটা দলকে বইতে হতো না। মমতা বন্দ্যোপাধ্যায়কেও চোর স্লোগান শুনতে হচ্ছে। উনি চোর নন। কিন্তু ভাইপোকে শাসন করেননি, ভাইপোকে বাড়তে দিয়েছেন। সেই ভাইপোর বিরুদ্ধেই চুরি দুর্নীতির অভিযোগ। সেই সব কিছুর দায় দলের সবাইকে নিতে হচ্ছে।’মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। জানান, এখনও বর্ষার বৈঠক হয়নি। বারবার মেয়রকে বলেও কাজ হয়নি। তারকের কথায়, ‘রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কলকাতার স্বার্থে কমিশনারকে জানাই। পুরসভার তেল খরচ করছি, রোজ আসছি, অথচ আমার কোনও আউটপুট নেই। এ ভাবে চলতে পারে না। আমার বিবেক আছে। তাই পদত্যাগের সিদ্ধান্ত।’তিনি আরও বলেন, ‘১০৪ টা ওয়ার্ডে পিছিয়ে। আমি মনে করি বোর্ডের পদত্যাগ করা উচিত।’
রাজ্যে পালাবদলের পর তৃণমূলে ভাঙন অব্যাহত। দলের অন্দরেই উঠছে নেতৃত্ব বদলের দাবি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘অভিভাবক হিসেবে ব্যর্থ’ বলে কটাক্ষ করার পাশাপাশি মেয়রের কাজ নিয়েও প্রশ্ন তুললেন তারক সিং। নিকাশি বিভাগের মেয়র পারিষদের এই ইস্তফা কলকাতা পুরসভার বোর্ডের উপর বাড়তি চাপ তৈরি করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
