‘কাল থেকেই ঢুকবে অন্নপূর্ণার টাকা’, তারকেশ্বরে দাঁড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
কিউ ইন্ডিয়া বাংলা :- বুধবার থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা। তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে পুজো দিয়ে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারে ৩০ লক্ষ ভুয়া অ্যাকাউন্টের হদিশ মিলেছে বলেও দাবি করলেন তিনি। জানালেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার।
নির্বাচনী ইস্তেহারে ‘মাতৃশক্তি ভরসা’ প্রকল্পের আওতায় অন্নপূর্ণা ভাণ্ডার চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার গঠনের পর পয়লা জুন থেকে প্রকল্প চালুর কথা ঘোষণা হয়। গত বুধবার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ করে রাজ্য সরকার। এক সপ্তাহ না পেরোতেই টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে। তারকেশ্বরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “কাল থেকেই টাকা ঢুকবে অ্যাকাউন্টে। বাংলার মা-বোনেরা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন। কোনও ঘুষপেটিয়াকে টাকা দেওয়া হবে না।” বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর বিপুল সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে তিন হাজার টাকা। এদিন থেকেই অফলাইনের পাশাপাশি অনলাইনেও ফর্ম পূরণ করা যাবে।দুর্নীতি নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। নবান্নে দাঁড়িয়ে তিনি বলেন, “এসআইআরে নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত ৩০ লক্ষ ভুয়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলেছে। ৩০ লক্ষ গুণিতক ১ হাজার টাকা করে হিসাব করলে, জনগণের কত হাজার কোটি টাকা এরা লুঠ করেছে। আমরা এদের একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাক ডাউন করব আইনের মাধ্যমে।”মুখ্যমন্ত্রীর দাবি, লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে ভুয়া প্রায় ৩০ লক্ষ নাম বাদ যেতে পারে। তিনি বলেন, “অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সঙ্গে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা, যাঁরা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার লুঠ করেছেন, ছাড়ব না।” অভিযুক্তদের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলাও হবে। ভুয়ো অ্যাকাউন্ট ধরতে সিট গঠন করে তদন্ত শুরু করেছে রাজ্য সরকার।অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ তোলেন শুভেন্দু। মহিলাদের আশ্বস্ত করে তিনি বলেন, “২০ টাকার ঢ্যাঁড়স কিনতে গেলেও টিপে দেখেন। এখানে সরকার বছরে ৩৬ হাজার টাকা দেবে। যাচাই করবে না? একটু সহযোগিতা করুন।”
তারকেশ্বরে পুজো দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা। একইসঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ৩০ লক্ষ ভুয়া নাম বাদ দেওয়ার কথা জানালেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে এগোচ্ছে সরকার, এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
