Suvendu Adhikari-Falta : ‘‘ডায়মন্ড হারবার মডেল এখন তৃণমূলের হার-বার মডেল’ : সোশ্যাল মিডিয়ায় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর !
কিউ ইন্ডিয়া বাংলা :- ফলতা বিধানসভা আসনের পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার বিপুল জয়ের পর নিজের সোশ্যাল মিডিয়ায় তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লিখলেন, ‘কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল পরিণত হলো তৃণমূলের হার-বার মডেলে’।
ফলতার ফলাফল ঘোষণার পর নিজের সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমেই ফলতার জনতা-জনার্দন গণদেবতাকে নত মস্তকে প্রণাম জানিয়ে তিনি লেখেন, “বিজেপির প্রার্থীকে এক লক্ষ ভোটে জেতানোর আবেদন করেছিলাম, জয়ের ব্যবধান এক লক্ষ আট হাজার পেরিয়েছে। উন্নয়নের মাধ্যমে আপনাদের এই ঋণ শোধ করব। সোনার ফলতা গড়ার জন্য আমরা দায়বদ্ধ।”
এরপরই তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। পোস্টে উল্লেখ করেন, “একটি নীতি-আদর্শহীন দল, যা মাফিয়া কোম্পানিতে রূপান্তরিত হয়েছিল, ক্ষমতা হারাতেই তার কঙ্কালসার দশা উন্মোচিত হয়েছে। রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে সরকারি ধন লুঠ, মানুষের কষ্টার্জিত অর্থ তোলাবাজি, সিন্ডিকেট ও থ্রেট কালচারের মাধ্যমে কেড়ে নিয়ে এই দলের নেতারা ধরাকে সরা জ্ঞান করেছিল।”
নাম না করে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘প্যারাসুটে নেমে সেনাপতি আখ্যা পাওয়া জালিয়াত’ বলে কটাক্ষ করে পোস্টে লেখেন, “এমন কোনো অপরাধ নেই যা সংগঠিত করেনি। নিজের অপরাধ সিন্ডিকেটকে প্রতিষ্ঠিত করতে গণতন্ত্রের কণ্ঠরোধ করতেও কোনো কসুর করেনি এই ‘বাঘের ছাল পরিহিত বেড়াল’।”
মুখ্যমন্ত্রীর দাবি, “বিগত নির্বাচনকে পরিহাসে পরিণত করে এই বিধানসভা ক্ষেত্রে দেড় লাখ ভোটের লিড নিয়েছিল তৃণমূল। ১৫ বছর পরে যখন মানুষ নিজের ভোট নিজে দেওয়ার স্বাধীনতা ফিরে পেলেন, তখন আসল বাস্তব প্রকাশিত হলো।”
পোস্টের শেষে ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “এ তো সবে শুরু, প্রত্যাখ্যানের দীর্ঘ যাত্রা এবার অতিক্রম করতে হবে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সামনে নির্বাচনে ‘নোটা’-র বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে ‘নোটা’-র কাছেও পরাজিত হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গেও এই জমজমাট লড়াই প্রত্যক্ষ করার অপেক্ষায় রয়েছেন পশ্চিমবঙ্গবাসী।”
