আজকের দিনেভারত

‘ভারত এখন গ্লোবাল পাওয়ার হাউস’: রোজগার মেলা থেকে বার্তা প্রধানমন্ত্রীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: – দেশের উন্নয়নের গতি এতটাই যে শহরে পিএনজি সংযোগের জন্য মিস্ত্রি পর্যন্ত মিলছে না। শনিবার রোজগার মেলার মঞ্চ থেকে ৫১ হাজার চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়ে এমনই রসিকতা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, পিপিপি মডেল, জাহাজ নির্মাণ ও সেমিকন্ডাক্টার হাব থেকে লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি হচ্ছে।

এদিন ৪৭ শহরে কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যের ৫১ হাজার যুবক-যুবতীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র দেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি বলেন, “ভারত আজ উন্নয়নের পথে এত দ্রুত এগোচ্ছে যে গোটা বিশ্ব এই যাত্রায় শামিল হতে চায়।”বিরোধীদের কর্মসংস্থান নিয়ে কটাক্ষের জবাবে মোদির বক্তব্য, বহু সেক্টরে সরকার ও বেসরকারি সংস্থা যৌথভাবে কাজ করছে। তাতে বিপুল চাকরি তৈরি হচ্ছে। গ্রাম থেকে ছোট শহর, ১০০ কিলোমিটার গেলেই কোনও না কোনও সরকারি কাজ চোখে পড়বে।রসিকতার সুরে প্রধানমন্ত্রী বলেন, “জল জীবন মিশনে এত প্লাম্বার যুক্ত যে শহরে পিএনজি কানেকশনের জন্য মিস্ত্রি খুঁজে পাচ্ছি না। সবাই জল জীবনে কাজ করছে। ভাবুন, আজকাল কাজ করার লোক চেয়ে পাওয়া যাচ্ছে না।”শুধু রোজগার নয়, কৌশলগত বার্তাও দেন মোদি। তাঁর দাবি, ভারত এখন গ্লোবাল পাওয়ার হাউস। নেদারল্যান্ডসের সেমিকন্ডাক্টার সংস্থা ASML-এর সঙ্গে টাটার চুক্তি, সুইডেনের সঙ্গে AI চুক্তি, আমিরশাহীর সঙ্গে সুপার কম্পিউটিং চুক্তি নতুন প্রযুক্তির দরজা খুলে দেবে। জাহাজ নির্মাণ থেকে সেমিকন্ডাক্টার হাব, লক্ষ লক্ষ দক্ষ তরুণের কর্মসংস্থান হবে। প্রধানমন্ত্রী জানান, দেশে ২ লক্ষ ৩০ হাজারের বেশি স্টার্ট আপ রেজিস্টার্ড। আগামী দিনে এরাই আরও রোজগারের ব্যবস্থা করবে। তাঁর ইঙ্গিত, সেমিকন্ডাক্টার ও AI-তে চিনকে টপকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রভাবশালী শক্তি হয়ে উঠতে চায় ভারত।

সরকারি চাকরিপ্রার্থীদের উদ্দেশে মোদির বার্তা, আপনাদের কাজ মানুষের জীবনযাত্রা সহজ করা, ইজ অফ ডুয়িং বিজনেস বাড়ানো। রোজগার মেলা থেকে কর্মসংস্থানের খতিয়ান দিয়ে বিরোধীদের পাল্টা জবাবও দিলেন প্রধানমন্ত্রী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *