আজকের দিনেবিশ্ব

‘স্বামীর অসুস্থতা নাকি ট্রাম্পের রক্তচক্ষু?’: ইস্তফা দিলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড আচমকা ইস্তফা দিলেন। কারণ হিসেবে স্বামীর হাড়ের ক্যানসারের কথা বললেও, নেপথ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরত্বকেই দেখছে ওয়াকিবহাল মহল। ট্রাম্পের ‘নারীবিদ্বেষী’ মনোভাব ও প্রকাশ্য ক্ষোভের পরেই এই পদত্যাগ ঘিরে জল্পনা তুঙ্গে।

আন্তর্জাতিক এক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, তুলসি গ্যাবার্ড তাঁর ইস্তফাপত্রে জানিয়েছেন, স্বামী হাড়ের ক্যানসারে আক্রান্ত। আগামী দিনে বড় লড়াই, তাই পাশে থাকতেই সরে দাঁড়াচ্ছেন। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। ট্রাম্পের ক্যাবিনেট থেকে অল্প সময়ে দুই সিনিয়র মহিলা সদস্য বরখাস্ত হয়েছেন। গুঞ্জন ছিল, পরের টার্গেট তুলসি ও ক্যারোলিন লেভিট। সম্প্রতি ইরান ইস্যুতে ট্রাম্প প্রকাশ্যেই বলেছিলেন, গোয়েন্দা রিপোর্টের তোয়াক্কা করেন না তিনি, নিজস্ব সূত্রই যথেষ্ট। অথচ একসময় ট্রাম্পের বিশ্বস্ত সমর্থক ছিলেন তুলসি। নির্বাচনি প্রচারে পাশে ছিলেন। ‘পুরস্কার’ হিসেবে শপথের কয়েক সপ্তাহের মধ্যেই গোয়েন্দা বিভাগের গুরুত্বপূর্ণ পদ পান। কিন্তু চলতি বছর থেকেই গুরুত্ব কমতে থাকে। ইরানে হামলা, ভেনেজুয়েলা ইস্যুতে তাঁকে আড়ালেই রাখা হয়।ইস্তফার পর ট্রাম্প সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘গ্যাবার্ড অসাধারণ কাজ করেছেন, আমরা অভাব অনুভব করব।’ তবে একাংশের মতে, এটা আসল কারণ আড়াল করার চেষ্টা। তাঁর জায়গায় আসছেন গোয়েন্দা বিভাগের মুখ্য সহকারী কর্তা অ্যারন লিকাস।

স্বামীর অসুস্থতা না ট্রাম্পের ‘রক্তচক্ষু’? তুলসি গ্যাবার্ডের আচমকা ইস্তফা ঘিরে এখন এই প্রশ্নই ঘুরছে মার্কিন রাজনীতিতে। বিশ্বস্ত থেকে ব্রাত্য হয়ে যাওয়ার এই পর্ব নতুন বিতর্ক উসকে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *