আজকের দিনেবাংলার আয়না

কয়লা পাচার তদন্তে ফের তৎপর ইডি, প্রাক্তন ওসি-সহ একাধিক ব্যবসায়ীকে তলব

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: -রাজ্যে সরকারি পালাবদলের পর কয়লা পাচার মামলায় ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল-সহ শহরের প্রায় ১২ জন ব্যবসায়ীকে তলব করল ইডি। আগামী সপ্তাহে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ।

ইডি সূত্রে খবর, কয়লা পাচার মামলায় শহরের প্রায় ১২ জন ব্যবসায়ী এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে। তাঁদের মধ্যে কৃষ্ণ কয়াল, রীতেশ সিং, লোকেশ সিং, যুধিষ্ঠির ঘোষ, নরেন্দ্র খারকা-সহ একাধিক নাম রয়েছে। আগামী সপ্তাহে কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁদের।শুধু ব্যবসায়ীরাই নন, এই মামলায় ফের তলব করা হয়েছে বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, কয়লা মাফিয়াদের প্রোটেকশন দিতে মোটা অঙ্কের ঘুষ নিতেন তিনি। অভিযোগ, ঘুষের বিনিময়ে মাফিয়াদের অবৈধ কয়লা পাচারে গ্রিন সিগন্যাল দিতেন প্রাক্তন ওসি। ইডির দাবি, আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে বেআইনিভাবে কয়লা পাচারের নেটওয়ার্কে সরাসরি যুক্ত ছিলেন মনোরঞ্জন। পুলিশের একাংশের মদতেই দিনের পর দিন চলত কয়লা পাচার। বেআইনি কয়লা বোঝাই ট্রাক পার করাতে থানার ওসি হিসেবে তিনিই ছিলেন মূল ভরসা।এর আগেও কয়লা পাচার মামলায় একাধিকবার তলব করা হয়েছিল মনোরঞ্জন মণ্ডলকে। কিন্তু একবারও ইডি দপ্তরে হাজিরা দেননি তিনি। তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গতবছর ইডির আধিকারিকরা একাধিকবার তাঁর দুর্গাপুরের বাড়িতে গিয়ে নোটিস সাঁটিয়ে এসেছিলেন। তারপরেও দেখা মেলেনি প্রাক্তন ওসির।রাজনৈতিক মহলের মতে, রাজ্যে সরকার বদলাতেই ফের সক্রিয় হয়েছে ইডি। কয়লা পাচারের টাকা কোথায় যেত, কাদের পকেটে ঢুকত, সেই শিকড়ে পৌঁছতে চাইছে কেন্দ্রীয় সংস্থা। প্রাক্তন ওসি ও ব্যবসায়ীদের মুখোমুখি জেরা করে পাচারচক্রের রাঘব বোয়ালদের নাগাল পেতে চান তদন্তকারীরা।

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই কয়লা পাচার মামলায় ফের গতি আনছে ইডি। প্রাক্তন ওসি ও ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে বড়সড় তথ্য মিলতে পারে বলে মনে করছে তদন্তকারী সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *