আজকের দিনেভারত

Modi-Suvendu : মুখ্যমন্ত্রী হয়ে প্রথম দিল্লি সফর শুভেন্দুর, মোদীর সঙ্গে বৈঠকে উন্নয়নের আশ্বাস !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার গঠনের পর ‘ডবল ইঞ্জিন সরকার’ চালু হল। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিল্লি সফরে গেলেন শুভেন্দু অধিকারী। দু’দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক সারলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে দিল্লি পৌঁছেই কৃষ্ণ মেনন মার্গে অমিত শাহর বাসভবনে যান শুভেন্দু অধিকারী। সেখানে ১ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট দেন তিনি।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, ‘মুখ্যমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই আমার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। রাজ্যের অগ্রগতির প্রতি তাঁর অবিচল অঙ্গীকারের জন্য আমি কৃতজ্ঞ।’ তিনি আরও জানান, ‘প্রধানমন্ত্রী ‘সবকা সাথ, সবকা বিকাশ’ দৃষ্টিভঙ্গির উপর জোর দিয়েছেন। পশ্চিমবঙ্গের উন্নয়ন কেন্দ্রের সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলে আশ্বাস দিয়েছেন। অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প পুনরুজ্জীবন ও যুব ক্ষমতায়নে কেন্দ্র পাশে থাকবে।’

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুটি কেন্দ্র থেকেই জয়ী হন শুভেন্দু অধিকারী। এরপর অমিত শাহ তাঁকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেন। মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফরকে কেন্দ্র-রাজ্য সমন্বয়ের প্রথম বড় পদক্ষেপ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *