KMC : ‘বেআইনি’ অধিবেশন ডেকে বিতর্কে তৃণমূল, পুরসভা ভাঙার হুঁশিয়ারি সজলের !
কিউ ইন্ডিয়া বাংলা:- কলকাতা পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের নিয়ে ডাকা সভাকে ‘বেআইনি’ আখ্যা দিলেন বিজেপি নেতা সজল ঘোষ। শুক্রবার অধিবেশন কক্ষের বাইরে মেয়র ফিরহাদ হাকিম ও চেয়ারপার্সন মালা রায়ের নেতৃত্বে হওয়া ওই সভা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রয়োজনে পুরসভা ভেঙে দেওয়ারও ডাক দিয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।
শুক্রবার পুরসভার মাসিক অধিবেশন হওয়ার কথা ছিল। কিন্তু মেয়র পারিষদের বৈঠক বাতিলের পর মাসিক অধিবেশনও স্থগিত করা হয়। তবুও সকালে তৃণমূল কাউন্সিলররা পুরসভায় হাজির হন। অভিযোগ, অধিবেশন কক্ষ তালাবন্ধ থাকায় তাঁরা ঢুকতে পারেননি। চেয়ারপার্সন মালা রায় ঘর খোলার অনুরোধ করলেও লাভ হয়নি। এরপর অধিবেশন কক্ষের বাইরেই কাউন্সিলরদের নিয়ে সভা করেন মালা রায় ও ফিরহাদ হাকিম।
এই ঘটনায় শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দেন সজল ঘোষ। তাঁর অভিযোগ, “পুরসভা তৃণমূলের পার্টি অফিস বা ফিরহাদ হাকিমের বৈঠকখানা নয়। এখানে নিয়ম মেনে অধিবেশন ডাকতে হয়। আজকের সভায় কোনও বিরোধীকে ডাকা হয়নি। এভাবে অধিবেশন ডাকা যায় না।”
সজলের আরও প্রশ্ন, “অনাস্থা আনলে মেয়র বাঁচাতে পারবেন তো? পুরসভায় তৃণমূলের কাউন্সিলরদের নিয়ে নাটক হচ্ছে।” অধিবেশনে জাতীয় সঙ্গীত, রাজ্য সঙ্গীত না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সজলের দাবি, “এই বেআইনি কাজের নেতৃত্ব দিয়েছেন মেয়র ও চেয়ারপার্সন। উত্তর না দিলে হাউস চলতে দেব না।”
সজল ঘোষ আরও অভিযোগ করেন, আগে ‘টক টু মেয়র’-এর দিন হাউস ডাকা হত। বিধানসভায় যাওয়ার জন্য হাউস ক্যানসেল হত। “এর আগে যতগুলো হাউস ক্যানসেল হয়েছে, সেগুলি কে ক্যানসেল করতে বলেছিলেন?” প্রশ্ন তোলেন তিনি। বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ তোলা হলেও পুরসভায় সেই নিয়ম মানা হচ্ছে না বলেও কটাক্ষ করেন বিজেপি নেতা।
