আজকের দিনেবিশ্ব

Trump : ‘ইউরেনিয়াম দেশের বাইরে যাবে না’, ট্রাম্পের দাবি খারিজ করে হুঙ্কার ইরানের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-শান্তি চুক্তির শর্ত মানতে নারাজ ইরান। ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেওয়ার দাবি সরাসরি খারিজ করল তেহরান। ইরান সাফ জানাল, ‘ইউরেনিয়াম দেশের বাইরে যাবে না’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে পাল্টা হুঙ্কার দিল ইরান।

সূত্রের খবর, শান্তি চুক্তির লক্ষ্যে আমেরিকা ইরানকে যে ৫ শর্ত দিয়েছে তা হল: ইরানকে একটি পরমাণু ঘাঁটি চালু রাখার অনুমতি দেওয়া হবে, যুদ্ধের জেরে ইরান যে ক্ষতিপূরণের দাবি জানিয়েছিল তা কোনওভাবেই দেওয়া হবে না, দাবি অনুযায়ী ইরানকে ৪০০ কিলোগ্রাম ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে, আমেরিকা ইরানের যে বৈদেশিক সম্পদ বাজেয়াপ্ত করেছে তার ২৫ শতাংশ ফেরানো হবে এবং পরমাণু কর্মসূচির উপর কড়া আন্তর্জাতিক নজরদারি থাকবে।

জানা গিয়েছে, ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম এর প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতির অন্যতম শর্ত হিসেবেই আমেরিকা তেহরানের কাছে ৪০০ কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি জানিয়েছিল। কারণ ট্রাম্প কোনওভাবেই চান না ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকুক। গত মাসে তিনি দাবি করেছিলেন, তেহরান তাদের মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে সম্মত হয়েছে এবং উভয় পক্ষ একটি শান্তি চুক্তির কাছাকাছি পৌঁছে গিয়েছে।

কিন্তু ইরান এবার স্পষ্ট করে দিল, ইউরেনিয়াম অন্য দেশের হাতে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না।

আপাতত ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষবিরতি চললেও, পরিস্থিতি যে কোনও মুহূর্তে গুরুতর আকার নিতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, সম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের পরবর্তী রণকৌশলই ছিল সেই বৈঠকের মূল আলোচ্য। ট্রাম্পের দাবি খারিজ করে ইরান বুঝিয়ে দিল, পরমাণু ইস্যুতে তারা একচুলও পিছু হটবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *