CRPF : কেন্দ্রীয় বাহিনী থাকার সময়সীমা বাড়াল স্বরাষ্ট্র মন্ত্রক, ৫০০ কোম্পানি মোতায়েন থাকছে বাংলায় !
কিউ ইন্ডিয়া বাংলা:- ভোট পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রেখে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্য সরকার অক্টোবর পর্যন্ত বাহিনী চাইলেও আপাতত মেয়াদ বাড়িয়ে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার অনুমোদন দিয়েছে অমিত শাহের মন্ত্রক।
স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, রাজ্যে মোট ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থাকছে ২০০ কোম্পানি CRPF, ১৫০ কোম্পানি BSF, ৫০ কোম্পানি CISF, ৫০ কোম্পানি ITBP এবং ৫০ কোম্পানি SSB। ভোট পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে গত ১৬ মে রাজ্য সরকার কেন্দ্রের কাছে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছিল, যাতে আগামী অক্টোবর মাস পর্যন্ত এই ৫০০ কোম্পানি বাহিনী রাজ্যে মোতায়েন রাখা হয়।
রাজ্যের সেই দাবি আংশিক মেনে বাহিনী থাকার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে শাহের মন্ত্রক। প্রসঙ্গত, বিধানসভা ভোটের আবহে স্বরাষ্ট্র মন্ত্রক ঘোষণা করেছিল, ভোটগণনা শেষ হওয়ার পরেও অন্তত ৬০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। সেই হিসেবে গত ৪ মে ভোটের ফল প্রকাশের পর জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বাহিনীর থাকার কথা ছিল।
তবে নতুন বিজ্ঞপ্তিতে আগের ঘোষিত মেয়াদের চেয়েও সময়সীমা বাড়ানো হল। কেন্দ্রের এই সিদ্ধান্তের পিছনে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে রাজ্যজুড়ে ওঠা একের পর এক অভিযোগ এবং হাইকোর্টে চলা মামলাগুলির প্রভাব রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বাহিনীর সংখ্যা না কমিয়ে মেয়াদ বাড়ানোয় নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় মোতায়েন থাকা এই ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর যাতায়াত, থাকা এবং খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থাপনার দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকেই। ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের মধ্যেই বাহিনী থাকার সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।
