আজকের দিনেআবহাওয়া

দক্ষিণবঙ্গে গরমের সতর্কতা, তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই; উত্তরবঙ্গে স্বস্তির বৃষ্টি শুরু

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- দক্ষিণবঙ্গে বাড়ছে গরম আর অস্বস্তি। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে স্বস্তি এনে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারী বৃষ্টি। ইতিমধ্যেই আন্দামানে ঢুকে পড়েছে বর্ষা, কেরলে প্রবেশ করবে ২৬ মে।

উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা এবং দুই দিনাজপুরে। বুধবার থেকেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বর্ষার আগমনীতে গরম থেকে মিলবে স্বস্তি।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম আর অস্বস্তি আরও বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি হবে। কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে জলীয় বাষ্প বেশি থাকায় গরম এবং অস্বস্তি চরমে উঠবে। তবে আশার খবর, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলীতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা সংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সম্পূর্ণ অংশ এবং আন্দামান সাগরের বেশিরভাগ অংশে ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ভারতের মৌসম ভবনের পূর্বাভাস, ২৬ মে কেরলে প্রবেশ করবে বর্ষা। আগামী দু-তিনদিনে আরব সাগরের কিছু অংশ এবং কোমোরিন এলাকায় মৌসুমি বায়ু ঢুকবে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশেও বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে।

কেরলে বর্ষা ঢোকার পর বাংলায় তার প্রভাব পড়তে জুনের প্রথম সপ্তাহ হয়ে যাবে। তার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গকে গরমের সঙ্গে লড়তে হবে। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতিতে বয়স্ক ও শিশুদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। উত্তরবঙ্গ অবশ্য বৃষ্টিতে ভিজে গরম থেকে রেহাই পাবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বজ্রবিদ্যুৎসহ ঝড়ের সময় খোলা জায়গা এড়িয়ে চলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *