IPL-Cricket : গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ এর বিপক্ষে জয় রাজস্থানের !
কিউ ইন্ডিয়া বাংলা :- প্লে অফ পর্বে যাওয়ার রাস্তা খোলা রাখতে লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে জয় ছাড়া দ্বিতীয় কোন উপায় ছিল না রাজস্থানের কাছে । সেই লক্ষ্যে তারা আজকে সফল। ২২০ রান তুলেও জয় পেল না ঋষভ পান্থ এর দল। তাদের হারে চাপে পড়ে গেল কলকাতা নাইট রাইডার্স। কারণ প্লে অফে উঠতে গেলে তাদের বাকি দুটি ম্যাচ তো জিততেই হবে সঙ্গে রাজস্থানকে শেষ ম্যাচে হারতে হবে।
জয়পুরে আজ লখনউ সুপার জায়ান্ট প্রথমে ব্যাটিং করে । শুরু থেকেই দুর্দান্ত গতিতে রান তোলা শুরু করে দুই ওপেনার । মিচেল মার্শ ও জোশ ইংলিশ দুজনেই অর্ধশতরান করেন । প্রথম উইকেটে ১০৯ রানের পার্টনারশিপ হয়। জোস ইংলিশ আউট হন ২৯ বলে ৬০ রান করে । মাত্র চার রানের জন্য নিজের সেঞ্চুরি মিস করেন মার্শ । ৯৬ রানে আউট হন তিনি। নিকোলাস পুরান ১১ বলে ১৬ রান করে আউট হন তিনি। অধিনায়ক ঋষভ পান্থ এর ব্যাট থেকে আসে ২৩ বলে ৩৫ রানের ইনিংস। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২২০ রান তোলে লখনউ।
২২১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভালো শুরু করেন রাজস্থানের দুই ওপেনার। মাত্র ৬.৩ ওভারে উঠে যায় ৭৫ রান । আজকের ম্যাচে রাজস্থানের অধিনায়ক যশস্বী জয়সওয়াল ২৩ বলে ৪৩ রান করে ফিরে যান । তবুও রাজস্থানের ইনিংসে রান ওঠার গতি কম হয়নি। বৈভব সূর্যবংশীর সঙ্গে জুটি বাঁধেন ধ্রুব জুড়েল। এই উইকেটে হয় ১০৫ রানের পার্টনারশিপ। ৩৮ বলে ৯৩ রান করে আউট হয়ে যান ১৫ বছরের বিস্ময় বালক বৈভব । মাত্র সাত রানের জন্য এবারের আইপিএলে তার দ্বিতীয় সেঞ্চুরি হাতছাড়া হয় । ততক্ষণ রাজস্থানের জয়ের ভিত তৈরি হয়ে গিয়েছে । ৩৮ বলে ৫৩ রানের অপরাজিত থাকেন ধ্রুব জুড়েল। ডোনোভান ফেরিরা ১৬ রান করে অপরাজিত থাকেন । গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস।
প্লে অফে ওঠার জন্য রাজস্থানের কাছে এই জয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল । শেষ পর্যন্ত তারা তাদের লক্ষ্য পূরণে আজকে সফল হয়েছে । রাজস্থানের এবারের আইপিএল এর গ্রুপ পর্বের শেষ ম্যাচ আগামী ২৪শে মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে । সেই ম্যাচেও জয় পাওয়া অত্যন্ত জরুরী তাদের কাছে ।
