ফলতায় ‘জাহাঙ্গীর রাজ’ শেষ করার ডাক, বন্ধ কারখানা চালু ও সন্ত্রাসমুক্তির প্রতিশ্রুতি বিজেপির দেবাংশু পান্ডার
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি :- মন্দিরে পুজো দিয়ে সোমবার প্রচারে নামলেন ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। প্রচারে নেমেই তৃণমূলের জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। একের পর এক বন্ধ কারখানা চালু, ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানো এবং ফলতাকে সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্রুতি দিলেন দেবাংশু।
আজ ১৮ ই মে ,সোমবার সকালে ফলতার স্থানীয় মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন দেবাংশু পান্ডা। এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগের পাশাপাশি শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি।দেবাংশুর দাবি, ফলতার অবাধ বাণিজ্য কেন্দ্রে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচার, লাগামহীন তোলাবাজি ও কাটমানির জেরে একের পর এক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। বড় বড় কোম্পানি ব্যবসা গুটিয়ে চলে যাওয়ায় কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন হাজার হাজার স্থানীয় যুবক। শুধু কর্মহীন নয়, সন্ত্রাসের কারণে মিথ্যা মামলায় জেলও খাটতে হয়েছে বহু মানুষকে। বহু বিজেপি কর্মী-সমর্থক এখনও ঘরছাড়া।এই পরিস্থিতি বদলের আশ্বাস দিয়েছেন বিজেপি প্রার্থী। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশে ফলতায় তোলাবাজি চালানো শ্রমিক ইউনিয়নগুলি ইতিমধ্যেই ভেঙে দেওয়া হয়েছে। বন্ধ হয়েছে জোর করে টাকা তোলা। দেবাংশু বলেন, “মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন। আমরা ক্ষমতায় এলে পুনরায় ওই সমস্ত বন্ধ কোম্পানিগুলি চালু হবে। এলাকার ছেলেরা আবার কাজ ফিরে পাবে।” পাশাপাশি ফলতায় ‘জাহাঙ্গীরের রাজত্বে’ চলা সন্ত্রাসের দিন শেষ হবে বলেও জোর গলায় জানান তিনি। ঘরছাড়া বিজেপি কর্মীদের সম্মানের সঙ্গে ঘরে ফেরানোর দায়িত্ব নেন দেবাংশু। বলেন, “ভয়ের রাজনীতি আর চলবে না। ফলতার মানুষ শান্তিতে থাকবে, ব্যবসা করবে। সন্ত্রাসমুক্ত ফলতা গড়াই আমার প্রথম কাজ।”
প্রচারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগও শোনেন বিজেপি প্রার্থী। বন্ধ কারখানার শ্রমিক পরিবারগুলির সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার বার্তা দেন।
ভোটের মুখে ফলতার বন্ধ কারখানা, বেকারত্ব ও সন্ত্রাস ইস্যুকেই মূল হাতিয়ার করলেন দেবাংশু পান্ডা। কর্মসংস্থান ফেরানো ও আইনের শাসন কায়েমের বার্তা দিয়ে প্রচারে ঝড় তুলতে মরিয়া তিনি। এবার দেখার, তাঁর এই প্রতিশ্রুতি ফলতার ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে।
