মেসি কাণ্ডে টাকা ফেরতের আশ্বাস ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের
কিউ ইন্ডিয়া বাংলা:-লিওনেল মেসির কলকাতা সফরে টিকিট কেটেও ম্যাচ না দেখতে পাওয়া দর্শকদের টাকা ফেরত দেওয়া হবে। রবিবার যুবভারতীতে ডার্বি দেখতে এসে এমনই আশ্বাস দিলেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। পাশাপাশি স্টেডিয়ামের ভিভিআইপি গেটের পাশে থাকা ‘কাটা পা’ মূর্তি সরানোর কথাও জানালেন তিনি।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপি সরকারের ক্রীড়ামন্ত্রী হয়েছেন নিশীথ প্রামাণিক। রবিবার ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি দেখতে যুবভারতীতে গিয়েছিলেন তিনি। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ প্রামাণিক বলেন, “আমার মন্ত্রালয়ে বসার ৭-৮ দিন হয়েছে সবে, দশদিনও হয়নি। একটু বসি। আমার প্রথম লক্ষ্য ছিল যে মানুষগুলো প্রতারিত হয়েছে, ক্রীড়াঙ্গনে এসে অপমানিত হয়েছে, চোখের জল ভাসিয়ে যাদের ফিরতে হয়েছে, সেই মানুষগুলোর ন্যূনতম সম্মান আমি ফিরিয়ে দেব।”
সংবাদমাধ্যমকে নিশীথ প্রামাণিক জানান, মেসি কাণ্ডের ফাইল নতুন করে খোলা হচ্ছে এবং ইতিমধ্যেই স্টাডি চলছে। তাঁর কথায়, “এর পেছনে যারা ছিল, প্রত্যেককে খুঁজে বার করা হবে। যে এজেন্সি আয়োজক ছিল আমরা তাদের বলেছি, যে কোনও উপায়েই হোক, যাঁরা পয়সা খরচ করে মেসিকে দেখতে এসেছিলেন এবং যাঁদের চূড়ান্ত অপমানিত হয়ে ফিরতে হয়েছে তাঁদের প্রত্যেকের কষ্টার্জিত অর্থ ফেরত দিতে হবে।” এজেন্সিকে সাহায্যের জন্য ক্রীড়ামন্ত্রক পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন নিশীথ প্রামাণিক। পাশাপাশি যুবভারতীর ভিভিআইপি গেটের পাশে থাকা মূর্তি নিয়েও কড়া মন্তব্য করেন নিশীথ প্রামাণিক। সাংবাদিকদের তিনি বলেন, “এরকম অদ্ভূত বিদঘুটে একটা মূর্তি, একটা কাটা পা তার ওপর ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই আগের সরকারের খারাপ দিন আসা শুরু হয়ে গিয়েছে। তারপর মেসি কাণ্ড হল, সরকার চলে গেল।” তাই ওই মূর্তি সরিয়ে দেওয়া হবে বলে জানান নিশীথ প্রামাণিক।
বাংলার ক্রীড়ামন্ত্রী পদে বসেই অ্যাকশনে নিশীথ প্রামাণিক। মেসি কাণ্ডে প্রতারিত দর্শকদের টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে এবং বিতর্কিত মূর্তি সরানোর ঘোষণা করে বার্তা দিলেন, ক্রীড়াক্ষেত্রে স্বচ্ছতাই তাঁর অগ্রাধিকার।
