আরসিবি-র প্রেমে ‘পাঞ্জাবি কুড়ি’! গ্যালারি থেকে কার জন্য গলা ফাটাচ্ছেন শেহনাজ?
কিউ ইন্ডিয়া বাংলা,নিউজ ডেস্ক:- ‘বিগ বস ১৩’ খ্যাত পাঞ্জাবি কন্যে শেহনাজ গিল এবং আরসিবি (RCB) তারকা দেবদত্ত পড়িক্কলের প্রেমের গুঞ্জনে এখন তোলপাড় বিনোদন ও ক্রিকেট দুনিয়া। সিদ্ধার্থ শুক্লার আকস্মিক প্রয়াণের পর যিনি একপ্রকার নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, সেই শেহনাজের জীবনে কি তবে আবার নতুন করে বসন্তের আগমন ঘটল? আইপিএলের গ্যালারিতে তাঁর ঘন ঘন উপস্থিতি আর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে এমনটাই মনে করছেন নেটিজেনরা। গ্ল্যামার ওয়ার্ল্ড আর ক্রিকেট পিচের এই নতুন সমীকরণ নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
গ্যালারিতে শেহনাজের চওড়া হাসি, গুঞ্জনের সূত্রপাত আরসিবি ম্যাচে
বেশ কিছুদিন ধরেই ক্রিকেট তারকার প্রেমে মজেছেন শেহনাজ গিল—এমনই কানাঘুষো চলছে মায়ানগরীতে। কখনও গ্যালারিতে বসে চিয়ার করা, আবার কখনও আরসিবির জার্সি পরে ছবি পোস্ট করা, জল্পনা দিন দিন বাড়ছিলই। গত ১৩ মে আরসিবি বনাম কেকেআর ম্যাচে গ্যালারিতে হাজির ছিলেন শেহনাজ। নেটিজেনদের দাবি, খেলা চলাকালীন শেহনাজের মুখের চওড়া হাসি আর উচ্ছ্বাস স্রেফ দলের জন্য নয়, বরং বিশেষ কারোর জন্য ছিল।
কে সেই বিশেষ ক্রিকেটার?
তিনি আর কেউ নন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বর্তমান সময়ের অন্যতম উজ্জ্বল তারকা দেবদত্ত পড়িক্কল। আইপিএলে দেবদত্ত ১২টি ম্যাচে ১৭২ স্ট্রাইক রেট এবং ৩৬-এর বেশি গড় নিয়ে ৩৬৭ রান করেছেন, যার মধ্যে রয়েছে তিনটি হাফ সেঞ্চুরি। ক্রিকেট মহলে তার পারফরম্যান্স নিয়ে যেমন চর্চা থাকে, তেমনই এবার মাঠের বাইরে শেহনাজের সঙ্গে তাঁর নাম জড়িয়ে শুরু হয়েছে নতুন চর্চা। অনেকেই মনে করছেন, প্রিয় মানুষকে সাহস জোগাতেই মাঠে হাজির হচ্ছেন নায়িকা।
‘দিল আরসিবি মে হ্যায়…’
এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে শেহনাজের সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। আরসিবির জার্সি পরা একটি ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, “দিল আরসিবি মে হ্যায়…” অর্থাৎ ‘মন পড়ে আছে আরসিবি-তে।’ এরপরই নেটনাগরিকরা দেবদত্তের সঙ্গে তাঁর যোগসূত্র খুঁজতে শুরু করেন। অনুরাগীদের একাংশ তো ইতিমধ্যেই বিরাট-অনুষ্কা বা কেএল রাহুল-আথিয়ার জুটির সঙ্গে তুলনা টেনে শেহনাজকে আরসিবি টিমের ‘বউমা’ হিসেবেও কল্পনা করতে শুরু করেছেন।
স্মৃতি বনাম নতুন ভবিষ্যৎ: দ্বিধাবিভক্ত অনুরাগীরা
২০২১ সালে সিদ্ধার্থ শুক্লার আকস্মিক মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন শেহনাজ। একবার এক পডকাস্টে তিনি জানিয়েছিলেন, এই ঘটনা তাঁকে কতটা পরিণত করেছে এবং বিয়ে নিয়ে তাঁর মনে কতটা দ্বিধা রয়েছে। তাই শেহনাজ অতীত ভুলে নতুন কারও প্রেমে পড়তে পারেন, এটা তাঁর ভক্তদের একাংশ মেনে নিতে পারছেন না।
অন্য একটি পক্ষের দাবি, এটি নিছকই রটনা। তাঁদের বক্তব্য— “কেউ ম্যাচে সাপোর্ট করতে গেলেই কি তার সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায়? শেহনাজ আরসিবির সাধারণ ভক্তও হতে পারেন।”
প্রেমের এই গুঞ্জন দাবানলের মতো ছড়ালেও, এই বিষয়ে এখনও পর্যন্ত শেহনাজ গিল বা দেবদত্ত পড়িক্কল—কেউই মুখ খোলেননি। ‘পাঞ্জাবি কুড়ি’ এই জল্পনায় সিলমোহর দেন নাকি একে গুজব বলে উড়িয়ে দেন, এখন সেটাই দেখার।
