আজকের দিনেতিলোত্তমা

মিঠুনের বাড়িতে শুভেন্দু, ‘এর থেকে ভালো মুখ্যমন্ত্রী বাংলায় হতে পারে না’: মিঠুন চক্রবর্তী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- নিউ টাউনে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকালে মিঠুনের বাড়িতে যান তিনি। বেশ কিছুক্ষণ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন দুজনেই। সেখানেই শুভেন্দুর ভূয়সী প্রশংসা করেন বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বলেন, ‘ওঁর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না।’

এদিন মিঠুনের বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী জানান, বাংলার হৃতগৌরব ফিরিয়ে আনার জন্য এবং বাংলার রাষ্ট্রবাদীদের বাঁচানোর জন্য নিরলস চেষ্টা করেছেন মিঠুন চক্রবর্তী। তাঁর পরিশ্রমের কোনও সীমা ছিল না। এই ভোটেও সর্বোচ্চ সভা, রোড-শো করেছেন মিঠুন। গত কয়েক মাস ধরে লাগাতার ইনডোর মিটিং করেছেন তিনি। কাজ করেছেন মাইক্রো লেভেলে গিয়ে।শুভেন্দুর কথায়, ‘আমি নিশ্চিতভাবে জনগণের আশীর্বাদে মুখ্যমন্ত্রী হয়েছি। বিজেপি আমাকে বেছে নিয়েছে। কিন্তু এর নেপথ্যের কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে যে কয়েকটা নাম আসে, তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম। মিঠুনদা কাল বলেছিলেন দেখা করতে চাই। আমি বললাম আপনি দেখা করবেন না, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে।’ এর পরেই শনিবার সকালে মিঠুনের নিউ টাউনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সাক্ষাতে দারুণ খুশি মিঠুনও। তিনি বলেন, ‘এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্তে তিনি শপথ নিয়েছেন, তার পর থেকে কাজ করছেন। গ্যারান্টি দিয়ে বলছি এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না।’দুজনের বৈঠকে রাজ্যের উন্নয়ন, আইনশৃঙ্খলা ও আগামী কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। মিঠুনের বাড়িতে মুখ্যমন্ত্রীর এই সফরকে সৌজন্য সাক্ষাৎ বলেই ব্যাখ্যা করছে রাজনৈতিক মহল।

ভোটের আগে প্রচারে ঝড় তোলা থেকে শুরু করে মাইক্রো লেভেলে সংগঠন— মিঠুন চক্রবর্তীর ভূমিকাকে বারবার সামনে আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর শনিবার নিউ টাউনে ‘মহাগুরু’র বাড়িতে গিয়ে তাঁকে ‘নেপথ্যের কারিগর’ বলে সম্মান জানালেন তিনি। পাল্টা মিঠুনের মুখেও শুভেন্দুর জন্য অকুণ্ঠ প্রশংসা। বঙ্গ রাজনীতিতে দুই স্তম্ভের এই রসায়ন নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *