Crime : দেউলী পঞ্চায়েত প্রধান হাজিবুল গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্র-কার্তুজ !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি :- দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকায় বড় সাফল্য পুলিশের। দেউলী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজিবুল ইসলাম মোল্লা-সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বন্দুক ও তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে আলিপুর আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে খবর, ২৯ এপ্রিল ২০২৬ বিধানসভা নির্বাচনের সময় এলাকার এক আইএসএফ কর্মীর বাড়ি ভাঙচুর ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে প্রধান হাজিবুল মোল্লার বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে জীবনতলা থানার পুলিশ। বৃহস্পতিবার প্রধান হাজিবুল ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নিয়ে শুক্রবার তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে একটি বন্দুক ও একটি তাজা কার্তুজ উদ্ধার হয়। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস তৈরির জন্যই অস্ত্র মজুত করা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
পঞ্চায়েত প্রধানের মতো জনপ্রতিনিধির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেউলী এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে এই চক্রে আর কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। রাজনৈতিক প্রতিহিংসা না কি অস্ত্র কারবার, সব দিক খতিয়ে দেখছে তদন্তকারীরা।
