7th Pay Commission : শপথের ১১ দিনেই প্রতিশ্রুতি পূরণের ঝড়, সপ্তম পে কমিশন থেকে অন্নপূর্ণা যোজনা চালু করল শুভেন্দু সরকার !
কিউ ইন্ডিয়া বাংলা :- ছাব্বিশের ভোট ছিল ‘ডু অর ডাই’ ম্যাচের মতো। গত ৪ মে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলা জয় বিজেপির। ৯ মে রাজ্যে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু অধিকারী। সরকারের বয়স মাত্র ১১ দিনের মধ্যেই একের পর এক প্রতিশ্রুতি পূরণ করল নয়া সরকার। সপ্তম পে কমিশন লাগু থেকে অন্নপূর্ণা যোজনা, কাঁটাতারের জমি হস্তান্তর—একাধিক বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন লাগু করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার গঠনের পর দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকেই তাতে সিলমোহর দিয়েছে রাজ্য সরকার। ফলে একলাফে বাড়ল রাজ্য সরকারি কর্মীদের বেতন। একইসঙ্গে চালু হল অন্নপূর্ণা যোজনা। লক্ষ্মীর ভাণ্ডারে ১৫০০ টাকা পাওয়া মহিলারা ভেবেছিলেন সুবিধা বন্ধ হবে। কিন্তু পালাবদলের পরেও পূর্বতন সরকারের কোনও প্রকল্প বন্ধ হবে না বলে জানায় শুভেন্দু সরকার। আগামী মাস থেকে ৩ হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন মহিলারা। পাশাপাশি ১ জুন থেকে রাজ্যের সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছে সরকার। দিঘা থেকে দার্জিলিং, নিজের জেলার মধ্যে যাতায়াতে আর এক পয়সাও খরচ হবে না।
অনুপ্রবেশ রুখতে কাঁটাতারের জমিজটও মিটিয়েছে নয়া সরকার। ২৭ কিলোমিটার জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশিকা মেনে রাজ্যে কার্যকর হয়েছে ‘পুশব্যাক’ আইন। ২০২৫ সালেই কেন্দ্র চিঠি দিলেও তৎকালীন তৃণমূল সরকার তা মানেনি। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে আইন বলবৎ করল শুভেন্দু সরকার।
স্বচ্ছতা ও স্বাস্থ্যেও জোর দিয়েছে সরকার। প্রতিশ্রুতি মতো নতুন করে খোলা হয়েছে আর জি কর মামলার ফাইল। তিন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। নারী নির্যাতন ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে সরকার। পৃথক দু’টি কমিশন গঠন করা হয়েছে। ১ জুন থেকে শুরু তদন্ত। স্বাস্থ্যসাথীর বদলে এবার বাংলায় চালু হয়েছে আয়ুষ্মান ভারত। ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন বঙ্গবাসী। এবার থেকে বাংলাও জাতীয় শিক্ষানীতির অন্তর্ভুক্ত। রাজ্যের প্রত্যেকটি সরকারি স্কুলে শিক্ষার মানোন্নয়ন হবে। ব্লকে ব্লকে গড়ে উঠবে পিএমশ্রী বিদ্যালয়।
মাত্র ১১ দিনের সরকারেই প্রতিশ্রুতি পূরণের গতি দেখিয়ে নজির গড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতির প্রায় সবকটিতেই কাজ শুরু করে দিয়েছে নয়া সরকার। সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি থেকে মহিলাদের জন্য আর্থিক সহায়তা, জাতীয় নিরাপত্তা থেকে শিক্ষা-স্বাস্থ্য—সবক্ষেত্রেই দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘ডেলিভারি মোড’-এ থাকা শুভেন্দু সরকার শুরু থেকেই জনমোহিনী ও কড়া প্রশাসনিক পদক্ষেপের মিশেলে বার্তা দিতে চাইছে। তবে এত অল্প সময়ে এতগুলো বড় সিদ্ধান্তের বাস্তবায়ন ও আর্থিক ভারসাম্য কীভাবে সামলানো হবে, সেদিকেও নজর থাকবে।
