হাসপাতালে ভর্তি রণিতা
কিউ ইন্ডিয়া বাংলা :- অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী রণিতা দাস। ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকের আউটডোর শুটিং চলাকালীনই তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন বলে জানা গিয়েছে। শুটিং সেটেই তাঁর তীব্র মাথাব্যথা শুরু হয় এবং শরীরে অস্বস্তি দেখা দেয়। প্রাথমিকভাবে ওষুধ দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
সূত্রের খবর, শুটিং চলাকালীন বমিও হয়েছিল রণিতার। কোনও ঝুঁকি না নিয়ে তাঁর ঘনিষ্ঠরাই দ্রুত চিকিৎসার সিদ্ধান্ত নেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী। একাধিক শারীরিক পরীক্ষা চলছে এবং প্রয়োজন অনুযায়ী সিটি স্ক্যানও করানো হবে বলে জানা গিয়েছে।
এ প্রসঙ্গে রণিতা দাস নিজেই জানিয়েছেন, “হাসপাতালে ভর্তি আছি। টেস্ট চলছে। সিটি স্ক্যানও করাতে হবে।” তবে চিকিৎসক সূত্রে খবর, এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছেন তিনি। যদিও সমস্ত পরীক্ষার রিপোর্ট হাতে না আসা পর্যন্ত চিকিৎসা শুরু করা হচ্ছে না।
প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকে অভিনেতা বিশ্বজিৎ ঘোষের বিপরীতে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে রণিতা দাসকে। ধীরে ধীরে দর্শকের মন জয় করছে এই ধারাবাহিক। বর্তমানে ৭.০ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’। এই ধারাবাহিকের মাধ্যমেই প্রায় দশ বছর পর আবার ছোট পর্দায় ফিরেছেন রণিতা দাস।
