Tourists Death : মন্দারমণিতে সমুদ্রে তলিয়ে দুই পর্যটক, উদ্ধার এক জনের দেহ !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- পূর্ব মেদিনীপুরের মন্দারমণি সমুদ্রসৈকতে বেড়াতে এসে মর্মান্তিক ঘটনা। সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই পর্যটক। একজনের দেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ অপরজন।(Tourists Death)
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার মহেশতলা এলাকার বাসিন্দা ৪৮ বছর বয়সি সোমনাথ মজুমদার বন্ধু-বান্ধবদের সঙ্গে মন্দারমণির ৩ নম্বর সমুদ্রস্নান ঘাটে বেড়াতে এসেছিলেন। রবিবার সকালে বন্ধুদের সঙ্গে সমুদ্রে স্নান করতে নামেন তিনি। সেই সময় হঠাৎই উত্তাল ঢেউয়ের টানে তলিয়ে যান। বিষয়টি নজরে আসতেই তাঁর বন্ধুরা চিৎকার শুরু করেন এবং খোঁজাখুঁজি শুরু করেন। খবর দেওয়া হয় নুলিয়াদের। এরপর দীর্ঘক্ষণ স্পিডবোট নিয়ে তল্লাশি চালানোর পর সমুদ্র থেকে সোমনাথ মজুমদারের দেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।(Tourists Death)
অন্যদিকে, একই দিনে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকে মন্দারমণিতে বেড়াতে এসেছিলেন ৩১ বছর বয়সি কমলেশ মণ্ডল। তিনিও সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যান বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি।(Tourists Death)
নিখোঁজ কমলেশ মণ্ডলের সন্ধানে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা সমুদ্রজুড়ে তল্লাশি চালাচ্ছেন। ঘটনাকে কেন্দ্র করে পর্যটকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন।
