TMC : কালীঘাটে ভাঙন, শিবির বদলুদের ইস্যুতে দুই মেরুতে কল্যাণ-অভিষেক !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- কালীঘাট তৃণমূলে ধস। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসার ছেড়ে বড় অংশ এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। নিজেদের ‘আসল তৃণমূল’ বলেই দাবি করছেন তারা। এই আবহেই শিবির বদলুদের ফেরানো নিয়ে প্রকাশ্যে দুই রকম সুর শোনা গেল দলের দুই শীর্ষ নেতার গলায়।
সম্প্রতি ভোটের ফল খারাপ হওয়ার পর থেকেই কালীঘাট তৃণমূলে অস্বস্তি বাড়ছে। বিধানসভা, লোকসভা, পুরসভা — সব জায়গাতেই নেতাদের দলবদল। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলয়ের একাংশ এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন এবং নিজেদের আসল তৃণমূল বলেই পরিচয় দিচ্ছেন।
এই পরিস্থিতিতে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিলেন নেত্রীকেই। তাঁর বক্তব্য, ‘মতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি। যারা চলে গেছে, তাদের দলে ফেরালে আমি থাকব না। ওদের ফেরালে আমি ছেড়ে দিয়ে চলে যাব।’ কার্যত আল্টিমেটাম দিলেন কল্যাণ।
অন্যদিকে দলের ছবি মেরামত করতে চাইছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সংবাদমাধ্যমের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘যারা শিবির বদল করেছেন, যাদের আমাকে নিয়ে সমস্যা, তারা ফিরে আসুন। ২৪ ঘণ্টার মধ্যে আমি ইস্তফা দিয়ে দেব।’
একজন বলছেন বিক্ষুব্ধদের ফেরালে তিনি থাকবেন না, আরেকজন বলছেন ফিরিয়ে এনে নিজেই সরে যাবেন। শিবির বদলুদের নিয়ে তৃণমূলের অন্দরে এখন এই দুই বিপরীত অবস্থান। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ঋতব্রত শিবিরের কাউকে প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি।
কালীঘাট এখন দ্বিমুখী চাপে। একদিকে দল ভাঙছে, অন্যদিকে ভাঙন রোখা নিয়ে নেতৃত্বের ভিতরেই মতপার্থক্য। কল্যাণের কড়া অবস্থান আর অভিষেকের আপোষ প্রস্তাব — কোন পথে হাঁটবে তৃণমূল, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
