দিল্লি বিমানবন্দরে প্রবেশে বাধা তারেক রহমানের উপদেষ্টাকে, শুরু ভারত-পদ্মাপাড়ে নয়া বিতর্ক
কিউ ইন্ডিয়া বাংলা- দিল্লিতে প্রবেশে বাধা পেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম উপদেষ্টা জাহেদ উর রহমান। দিল্লি বিমানবন্দরে আড়াইঘণ্টা আটকে থাকতে হল তাঁকে। এর পর প্রবেশের প্রয়োজনীয় অনুমতি মেলে। তবে জাহেদ দিল্লিতে প্রবেশ করতে চাননি। তিনি শ্রীলঙ্কার কলম্বো হয়ে ঢাকায় ফিরে গেছেন। বাংলাদেশের এক জনপ্রিয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কী কারণে এই ঘটনা ঘটেছে, কী ঘটেছিল বিমানবন্দরে তা খতিয়ে দেখছে সেই দেশের সরকার। বিস্তারিত খোঁজ নেওয়ার পর পদক্ষেপ নেওয়া হবে। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সিনিয়র আধিকারিকদের কমিটির ২৮তম বৈঠকের আয়োজন করা হয়েছে দিল্লিতে।
ভারতের বিদেশ মন্ত্রকের নেতৃত্বে ১৫ এবং ১৬ জুন ওই বৈঠক হবে। বাংলাদেশের প্রতিনিধি হিসাবে সেই বৈঠকে যোগ দিত এসেছিলেন জাহেদ উর রহমান। ঢাকার বিদেশ মন্ত্রকের এক আধিকারিককে উদ্ধৃত করে বাংলাদেশের সংবাদমাধ্যম জানিয়েছে, জাহেদ যে আইওআরএ-র বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। রবিবার সন্ধ্যায় তিনি আসবেন, শুক্রবারই তা কূটনৈতিক চিঠি দিয়ে সরকারি ভাবে ভারতের বিদেশ মন্ত্রককে জানানো হয়েছিল। সেই সঙ্গে দিল্লির বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা ফোনেও এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে কথা হয়েছিল। তবে তার পরেও কেন এই পরিস্থিতি তা স্পষ্ট নয়। ভারতের তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
জাহেদ উর রহমান বাংলাদেশের তথ্য-সম্প্রচার ও সাংস্কৃতিক মন্ত্রকের উপদেষ্টা। রবিবার সন্ধ্যায় তিনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। অভিযোগ ওঠেন, অভিবাসন দফতরের আধিকারিকেরা তাঁকে প্রাথমিকভাবে ঢুকতে বাধা দেন। পরে উপরমহলের কর্তৃপক্ষ তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। ততক্ষণে আইওআরএ-র বৈঠকে যোগ দিতে চাননি জাহেদ। দেশে ফিরে যান তিনি। অভিযোগ, কোনও কারণ ছাড়াই বিমানবন্দরে তাঁকে এতক্ষণ ধরে আটকে রাখা হয়।
মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনের পর বাংলাদশের সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে বিএনপি। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া পুত্র তারেক রহমান। ২০২৪ সালে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতন হয়। বাংলাদেশের সঙ্গে ভারত সরকারের সম্পর্কের অবনতি হয়। তারেকের আমলে সেই সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা চলেছে দুই দেশের তরফে। ঠিক সেই সময় আবার নতুন বিতর্ক শুরু হল।
