পরবর্তী ক্যাবিনেট বৈঠকেই আরজি কর প্রসঙ্গ সহ একাধিক বিষয়ে আলোচনা ? কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
কিউ ইন্ডিয়া বাংলা:- গতকাল সোমবার রাজ্যের নতুন মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের নব নির্বাচিত বিজেপি সরকার। সীমান্ত সুরক্ষা , আয়ুষ্মান ভারত সহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ক্যাবিনেট। দ্বিতীয় বৈঠকে DA মামলা, আরজি কর প্রসঙ্গ সহ একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে খবর সূত্রের।
প্রসঙ্গত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। যেগুলি নিয়ে ভোটের আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল । এর পরে আশার আলো দেখছেন বকেয়া DA-র দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া সরকারি কর্মীরা। কারণ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী সোমবারের মন্ত্রিসভার বৈঠকেই DA এবং বেতন কমিশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের আরও বেশ কিছু কমিটমেন্ট রয়েছে, যেগুলো ইতিমধ্যে আপনারা জানেন। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। সেক্ষেত্রে আমাদের আরও আরও আমাদের আর জি কর-সহ নারী নির্যাতনের বিষয়ে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে, পে- কমিশনের বিষয়ে, বকেয়া DA-র বিষয়ে, এই যে বিষয়গুলো আছে, আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলি করব।’
২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় এলে সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে । এরই সাথে সপ্তম বেতন কমিশন বাস্তবায়ন করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখছেন, ‘সব সরকারি কর্মচারী এ পেনশনভোগীদের জন্য DA সুনিশ্চিত করা হবে। আর ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশন লাগু করে সব কর্মচারীদের সম্মান করার কাজ নতুন ভারতীয় জনতা পার্টির সরকার করবে।’ এই প্রেক্ষাপটে আগামী সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা।
