আজকের দিনেতিলোত্তমা

কলকাতায় মেট্রো-অটোয় চড়ে নবান্নে রেলমন্ত্রী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে অশ্বিনী বৈষ্ণব

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- শনিবার কলকাতায় এসে ভিআইপি কালচার ভেঙে মেট্রোয় চড়লেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিমানবন্দর থেকে মেট্রো, মেট্রো থেকে অটোয় চেপে পৌঁছলেন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তিনি।

শনিবার কলকাতা বিমানবন্দরে নেমেই সংলগ্ন জয় হিন্দ মেট্রো স্টেশনে পৌঁছে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ও সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। স্টেশনে যাত্রীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। খোঁজ নেন মেট্রো পরিষেবা নিয়ে। এরপর জয় হিন্দ স্টেশন থেকে মেট্রোয় চেপে নোয়াপাড়ায় পৌঁছন তিনি। যাত্রীরা মেট্রো পরিষেবা নিয়ে প্রশংসাও করেন। নোয়াপাড়ায় স্থানীয়দের যাতে যানজটে পড়তে না হয়, তার জন্য গাড়ি রাখা হয় বেলঘরিয়া হাইওয়ের প্রমোদনগরে। মেট্রো স্টেশন থেকে অটোয় চেপে প্রমোদনগর যান রেলমন্ত্রী। সেখান থেকে নবান্নে পৌঁছন তিনি। সাধারণ মানুষের মতোই ট্র্যাফিক মেনে, ন্যূনতম নিরাপত্তা নিয়েই নবান্নে ঢোকেন অশ্বিনী বৈষ্ণব। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে ইতিমধ্যেই। রেলের একাধিক প্রকল্প নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেলমন্ত্রী বলেন, ‘কলকাতা মেট্রোর যাতে আরও উন্নতি হয়, ৬০টির কাছাকাছি নিউ জেনারেশন ট্রেনের পরিকল্পনা রয়েছে। আগামী ৪-৫ বছরের মধ্যে তা চলে আসবে। কলকাতা এক নতুন গতি পাবে।’ তিনি আরও জানান, চিংড়িঘাটা এলাকার কাজ হয়ে গেলে কলকাতা শহরে যাতায়াতের ক্ষেত্রে মানুষের আরও সুবিধা হবে। এর জন্য একাধিক প্রকল্পও নিয়েছে রেলমন্ত্রক।

রেলমন্ত্রীর এই ‘আম আদমি’ স্টাইলে শহর ঘোরা এবং নবান্নে বৈঠক নিয়ে চর্চা তুঙ্গে। কলকাতা মেট্রোর আধুনিকীকরণ ও নতুন রুট নিয়ে আশাবাদী রাজ্যবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *