NOAPARA: নোয়াপাড়ায় চাঞ্চল্য! প্রাক্তন বিধায়কের আপ্তসহায়কের নির্মম পরিণতি, প্রকাশ্যে হাড়হিম সিসিটিভি ফুটেজ
কিউ ইন্ডিয়া বাংলা, নোয়াপাড়া :- উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় (NOAPARA) নৃশংস খুনের ঘটনা। প্রাক্তন বিধায়ক সুনীল সিংয়ের আপ্তসহায়ক শেখর চৌধুরী ওরফে বান্টিকে ইট দিয়ে থেঁতলে খুনের অভিযোগ উঠল গারুলিয়া পুরসভা এলাকায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ঘটনার হাড়হিম করা সিসিটিভি ফুটেজ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শেখর চৌধুরী (৩০), গারুলিয়া পুরসভা (NOAPARA) এলাকার বাসিন্দা। গত বুধবার রাতে তার বাড়ির পাশের একটি ক্লাবে কয়েকজন যুবক মদ্যপান করছিল। শেখর তার প্রতিবাদ করলে দু’পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়। অভিযোগ, এরপরই ওই যুবকেরা ইট দিয়ে থেঁতলে দেয় শেখরকে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রাক্তন বিধায়ক (NOAPARA) সুনীল সিং ও তার ছেলে আদিত্য। রক্তাক্ত অবস্থায় শেখরকে প্রথমে বারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার গভীর রাতে সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। সোমবার সকালে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী তথা নোয়াপাড়ার বিধায়ক (NOAPARA) অর্জুন সিং এবং সবরকম সাহায্যের আশ্বাস দেন।
এলাকায় হেরোইন বিক্রির রমরমার কারণেই এই খুন বলে দাবি করেছেন প্রাক্তন বিধায়ক সুনীল সিং। তিনি বলেন, পুলিশ কোনও পদক্ষেপ করতে পারছে না। যদিও পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
