NEPAL FLASH FLOOD : হড়পা বানে বিধ্বস্ত নেপালে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, যোগাযোগ বিচ্ছিন্ন – উদ্বেগে শুভ্রাংশু
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নেপালে ভয়াবহ হড়পা বানে আটকে পড়েছেন কলকাতার ৩২ জন পর্যটক (NEPAL FLASH FLOOD) । তাঁদের মধ্যেই রয়েছেন প্রয়াত রাজনীতিবিদ মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়। বুধবার সকাল থেকে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না শুভ্রাংশু রায়।
জানা গিয়েছে, গত ২১ আগস্ট হাওড়ার একটি ভ্রমণ সংস্থা ‘চলো যাই’-এর সঙ্গে নেপালের উদ্দেশ্যে রওনা দেন শর্মিষ্ঠা। মঙ্গলবার রাত পর্যন্ত স্বামীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাঁর। বুধবার সকাল থেকেই নেপালের পরিস্থিতি খারাপ হতে শুরু করে (NEPAL FLASH FLOOD) ।
চিন সীমান্তবর্তী রসুয়া জেলায় আচমকা নদীর জলস্তর বেড়ে হড়পা বান নামে (NEPAL FLASH FLOOD) । চিনের সংবাদ সংস্থা সিনহুয়ার খবর অনুযায়ী, তিব্বতের গাইরং প্রদেশ-সহ বহু এলাকা ক্ষতিগ্রস্ত। নেপালের বন্যা পূর্বাভাস বিভাগ জানিয়েছে, শুধু ভারী বৃষ্টিতে এই বিপর্যয় নয়, তিব্বত থেকে জল নেমে আসাই এর কারণ।
শেষ পাওয়া খবর অনুযায়ী, এই দুর্যোগে মৃত ১৭৭, নিখোঁজ ৮২৬ জন। তিমুরে থেকে উদ্ধার হওয়া ১১৬ জনের মধ্যে ২১ জন ভারতীয়।
বুধবার থেকে স্ত্রীর সঙ্গে কোনও যোগাযোগ না হওয়ায় চরম দুশ্চিন্তায় রয়েছে শুভ্রাংশু। নেপালে আটকে থাকা বাঙালি পর্যটকদের দ্রুত উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল।
