আজকের দিনেবাংলার আয়না

মাধ্যমিক পরীক্ষার্থীকে গুলি করে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,ইসলামপুর: প্রতিবেশী বোনের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার অপরাধে প্রাণ দিতে হলো ১৬ বছরের এক কিশোরীকে। ‘পালিয়ে যেতে সাহায্য করেছে’— শুধুমাত্র এই সন্দেহের বশবর্তী হয়ে মাধ্যমিক পরীক্ষার্থী ওই নাবালিকাকে লক্ষ্য করে গুলি চালিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার রাতে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার গোবিন্দপুর পঞ্চায়েতের নন্দ লাড়ুখুয়া এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরীর নাম সানজুরা বেগম। আগামী বছর তাঁর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। অভিযোগের তির প্রতিবেশী লাল মিঞার দিকে।

ঘটনার সূত্রপাত রবিবার সকালে, যখন লাল মিঞার মেয়ে আচমকা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। লাল মিঞা সন্দেহ করতে শুরু করে যে, সানজুরাই তার মেয়েকে পালিয়ে যেতে সাহায্য করেছে। এই আক্রোশ থেকেই রবিবার রাতে সানজুরাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় লাল মিঞা। অত্যন্ত কাছ থেকে তার বুকে গুলি করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় সানজুরাকে উদ্ধার করে দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। কিন্তু হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নৃশংস এই হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত লাল মিঞা পলাতক। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছায় ইসলামপুর থানার বিশাল পুলিশবাহিনী। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইসলামপুরের পুলিশ সুপার রাকেশ কুমার সিং জানিয়েছেন,“পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত লাল মিঞার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে।” একটি সাজানো সংসার এবং এক উজ্জ্বল ভবিষ্যতের কিশোরীর এমন মর্মান্তিক পরিণতিতে নন্দ লাড়ুখুয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামান্য সন্দেহের জেরে এক নাবালিকার প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *