ভোটার তালিকা বিভ্রাট ও গ্যাস সংকট নিয়ে কমিশন-বিজেপিকে তোপ মমতার
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: লোকসভা ভোটের ঠিক মুখে ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ যাওয়া এবং দেশজুড়ে চলা জ্বালানি সংকট নিয়ে রণংদেহি মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে অন্ডাল যাওয়ার পথে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে ‘সুপার হিটলার’ এবং বিজেপিকে ‘ভ্যানিশিং ওয়াশিং মেশিন’ বলে তীব্র কটাক্ষ করেন তিনি।
এসআইআর-এর সাপ্লিমেন্টারি তালিকায় বহু ভোটারের নাম বাদ পড়া নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তেজনা ছড়াচ্ছিল। আজ দ্বিতীয় তালিকা প্রকাশের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সুপ্রিম কোর্ট তালিকা বের করতে বললেও আমরা এখনও প্রথম সাপ্লিমেন্টারি তালিকা হাতে পাইনি, এমনকি তা পাবলিক ডোমেনেও আসেনি। এটা গণতন্ত্রের হত্যা।” মুখ্যমন্ত্রীর অভিযোগ, সুতির একটি ব্লক এবং বসিরহাটের একটি বুথ-সহ বিভিন্ন জায়গায় দেখে দেখে নাম বাদ দেওয়া হয়েছে। তিনি সাফ জানান, “বুকের পাটা থাকলে মানুষকে জানতে দিন কার নাম আছে আর কার নেই। জেলায় জেলায় ট্রাইবুনাল গড়ুন, আমরা দরকারে সাধারণ মানুষকে আইনি সুবিধা দেব।”
বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, “বিজেপির ওয়াশিং মেশিন এখন মানুষের অধিকার ভ্যানিশ করে দিচ্ছে। ওদের দেখলে আমার ঘৃণা হয়। রামনবমীর দিন বলে গেলাম—ধর্মের কল বাতাসে নড়ে, বাংলার মানুষ এর জবাব দেবেই।”এদিন রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঁচ রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন। সেই প্রসঙ্গেও সুর চড়ান মুখ্যমন্ত্রী:
-
গ্যাসের দাম: “শুল্ক কমানো মানেই কি দাম কমবে? আগে তো হাজার হাজার টাকা বাড়িয়ে এখন ভাঁওতা দেওয়া হচ্ছে। আমি চাই গ্যাসের দাম কমুক, লোকে যেন গ্যাস পায়।”
-
হলদিয়ার গ্যাস: তিনি স্পষ্ট জানান, হলদিয়ায় যে গ্যাস উৎপাদন হয় তা যেন রাজ্যের বাইরে না পাঠানো হয়।
-
রেশন ও পরিষেবা: ভোট কর্মীদের ডিউটির জন্য যেন সাধারণ মানুষের গ্যাসে টান না পড়ে, সেদিকে নজর দিতে বলেন তিনি। পাশাপাশি কেরোসিন যেন রেশনের মাধ্যমেই সাধারণ মানুষ পায়, তা নিশ্চিত করার দাবি জানান।
প্রধানমন্ত্রী ও মুখ্যসচিবদের এই হাই-ভোল্টেজ বৈঠকে গ্যাস সংকট মেটাতে কেন্দ্র কী দাওয়াই দেয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
