হলদিয়া পেট্রোকেমের পাইপলাইনে ন্যাপথা লিক, ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একাধিক বাড়ি
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় মঙ্গলবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড। হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপলাইন থেকে ন্যাপথা লিক হয়ে আগুন ছড়িয়ে পড়ে হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুর এলাকায়। মুহূর্তে দাউদাউ আগুনে পুড়ে ছাই একাধিক বাড়ি। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বাসিন্দারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালান দমকল কর্মীরা। নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে হলদিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের আধিকারিকরাও পরিস্থিতির উপর নজর রাখছেন।
অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত বেশ কয়েকজন বাসিন্দাকে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কলকাতার হাসপাতালে রেফার করা হয়েছে। আগুনে একাধিক বাড়ি ও গৃহস্থালির সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।
এই ঘটনায় এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বিবৃতি প্রকাশ করা হয়নি। ন্যাপথা লিকের কারণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত উৎস খতিয়ে দেখা হচ্ছে। দমকলের আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শেষ হলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে। এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
