Mumbai Heavy Rain: বানভাসী মুম্বই, আরও দুর্যোগের পূর্বাভাস দিল আইএমডি, ব্যাহত রেল ও সড়ক ব্যবস্থা !
কিউ ইন্ডিয়া বাংলা: বানভাসী মুম্বই। রাস্তা জলমগ্ন। বিপর্যস্ত বাণিজ্যনগরী। আরও দুর্যোগ ঘনিয়ে আসছে বার্তা দিয়েছে মৌসম ভবন। অতিভারী বৃষ্টিতে জলের তলায় মুম্বই। রাজ্যজুড়ে তীব্র যানজট। গত ২৪ ঘণ্টায় মুম্বইতে প্রায় ২০০ মিলিলিটারে বেশি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও মুম্বই শহর এবং শহরতলিতে আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃহন্মুম্বই পুরসভা জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ভান্ডুপ এবং সান্তাক্রুজ়ে (২৩৯ মিমি), পওয়াই (২৩৪), অন্ধেরী (২২৫ মিমি), পরল এবং মানখুর্দ (২২২ মিমি), মরোল (২১০ মিমি), শিওড়ী এবং ওয়াডালায় ২০৮ মিমি বৃষ্টি হয়েছে। আইএমডি জানিয়েছে, ৫ জুলাই পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে মুম্বই, পালঘর, ঠাণে এবং রায়গড়ে। বুধবার রাত থেকে বৃষ্টির আরও বেড়েছে। সারা রাত ধরা বৃষ্টিতে রেল ও সড়কপথ বিপর্যস্ত। পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। অন্ধেরী, নবী মুম্বই, কুর্লা পূর্ব, এসজি বার্ভে রোড, সিন্ধি সোসাইটি, চেম্হুর, কিংস সার্কল, গান্ধী মার্কেট জলমগ্ন হয়ে পড়েছে। জলের তলায় দাদর রেল স্টেশন। খুব ধীরগতিতে চলছে ট্রেন। পালঘরে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় স্কুল ও কলেজগুলি বন্ধ রাখা হয়েছে। মুম্বই এবং সংলগ্ন অঞ্চলগুলি থেকে বেশ কয়েকটি দুর্ঘটনা এবং মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। খারঘরে এক কিশোরের মৃত্যু হয়েছে। ভিবন্ডীতে মৃত্যু হয়েছে এক যুবকের। ওয়াকেশ্বরে বৃষ্টিতে বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। নবী মুম্বইয়ে জলমগ্ন রাস্তায় দুই তরুণী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আইএমডি জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ু। তাই আগামীদিনগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে।
