আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Mahua : ডিম-টমেটো নিয়ে অপেক্ষায় বিজেপি কর্মীরা, এলেন না মহুয়া — “ FIR করব” হুঁশিয়ারি সাংসদের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নদীয়া :- বাংলার রাজনীতিতে এখন নতুন ট্রেন্ড ‘ডিম থেরাপি’। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার টার্গেট ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। কিন্তু আদালতে না আসায় ভেস্তে গেল বিজেপি মহিলা কর্মীদের পরিকল্পনা। পাল্টা কড়া ভিডিও বার্তায় সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিলেন মহুয়া।

গতকাল কৃষ্ণনগর জেলা আদালতে একটি মামলার হাজিরা দেওয়ার কথা ছিল সাংসদ মহুয়া মৈত্রের। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে ডিম-টমেটো ছুড়তে আদালত চত্বরে জড়ো হয়েছিলেন বিজেপির মহিলা কর্মীদের একাংশ। তবে অজ্ঞাত কারণে মহুয়া আদালতে উপস্থিত হননি।

ঘটনা জানার পরেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দেন মহুয়া মৈত্র। তিনি বলেন, “আপনাদের প্রত্যেকের মুখ দেখা গিয়েছে। বিজেপির দাদারা তাতিয়েছে… বলেছে হিরোইন হবেন। মহুয়া মৈত্র হতে পারবেন না, কিন্তু তাঁকে ডিম ছুড়ে হিরোইন হবেন। আমি মহুয়া, উজ্জ্বল বিশ্বাস নই।”

তিনি আরও যোগ করেন, “রাজনীতি আমিও করেছি। শুভেন্দু অধিকারী সভা করলেও আমি পাল্টা সভা করিনি। কিন্তু আপনাদের মুখ দেখা যাচ্ছে, আমি FIR করব। দরকারে হাইকোর্ট, প্রয়োজনে সুপ্রিম কোর্ট যাব। আপনাদের তিন বছর কোর্টে হাজিরা দিতে হবে, কোনও বিজেপির দাদা বাঁচাবে না।”

এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সম্পাদক মহাদেব সরকার বলেন, “বিজেপি এই কালচার বিশ্বাস করে না। শমীক ভট্টাচার্য বলেছেন এই সংস্কৃতি বরদাস্ত করা হবে না। কিন্তু সাংসদ যে হুমকি দিয়েছেন সেটা কাম্য নয়।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু হওয়া ‘ডিম ছোড়া’ রাজনীতি এখন তৃণমূল নেতাদের ক্ষেত্রে রুটিন হয়ে দাঁড়িয়েছে। মহুয়া মৈত্রের পাল্টা আইনি হুঁশিয়ারির পর এই ‘ডিম থেরাপি’ রাজনীতি নতুন মাত্রা পেল। আদালত পর্যন্ত গড়ালে এই ঘটনা বাংলার রাজনীতির বিতর্ক আরও উস্কে দেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *