পকেটে লক্ষ টাকা কাটমানি! ভয়ে খাটের তলায় লুকিয়েও শেষরক্ষা হল না
কিউ ইন্ডিয়া বাংলা :- আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন মাথাভাঙার জোরপাটকির প্রভাবশালী তৃণমূল নেতা শহিদুল মিঞা। পুলিশের হাত থেকে বাঁচতে নিজের বাড়ির খাটের তলায় লুকিয়েছিলেন তিনি। বুধবার বিকেলে পুলিশ গিয়ে খাটের তলা থেকেই হিরহির করে টেনে বের করে গ্রেপ্তার করে অভিযুক্তকে। বাড়ি থেকে বের করার সময় ক্ষুব্ধ গ্রামবাসীদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন ওই নেতা।
ধৃত শহিদুল মিঞা মাথাভাঙা থানার সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি নিজেকে তৃণমূল নেতা হিসেবেও পরিচয় দিতেন। তাঁর স্ত্রী জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের সদস্য। সিভিক ভলান্টিয়ারের চাকরি ও স্ত্রীর পঞ্চায়েত সদস্যপদ—এই দুইয়ের প্রভাব খাটিয়ে এলাকায় দাপট দেখাতেন শহিদুল, এমনই অভিযোগ স্থানীয়দের।অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তাদের কাছ থেকে ৫ হাজার, ১০ হাজার, এমনকী ২০ হাজার টাকা পর্যন্ত কাটমানি আদায় করেছেন তিনি। লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়ার পরেও অনেক উপভোক্তা ঘর পাননি বলে দাবি। ঘটনা জানাজানি হতেই গত ২৫ মে শহিদুলকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তারপর থেকেই গা ঢাকা দেন অভিযুক্ত নেতা।কাটমানির অভিযোগ সামনে আসতেই মাথাভাঙা থানা শহিদুলকে সিভিক ভলান্টিয়ারের পদ থেকে সাসপেন্ড করে। একইসঙ্গে শুরু হয় পুলিশি তল্লাশি। এরই মধ্যে মঙ্গলবার রাতে লুকিয়ে নিজের বাড়িতে ঢোকেন শহিদুল। স্থানীয়রা তাঁকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। বুধবার বিকেলে পুলিশ শহিদুলের বাড়িতে হানা দেয়। পুলিশের আসার খবর পেয়েই ঘরের খাটের তলায় সেঁধিয়ে যান তিনি। তল্লাশি চালিয়ে শেষমেশ খাটের তলা থেকেই অভিযুক্তকে বের করে আনে পুলিশ। গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় রাস্তায় তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা।
বিক্ষোভকারী গ্রামবাসীদের একটাই দাবি—অবিলম্বে কাটমানির টাকা ফেরত দিতে হবে। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে প্রতারণা, তোলাবাজি-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। কত টাকা কাটমানি নেওয়া হয়েছে এবং সেই টাকা কোথায় গিয়েছে, তা জানতে শহিদুলকে জেরা করা হচ্ছে। এই ঘটনায় ফের একবার কাটমানি ইস্যুতে অস্বস্তিতে শাসকদল তৃণমূল। বিরোধীদের দাবি, শুধু শহিদুল নয়, এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত। গোটা চক্রের পর্দাফাঁসের দাবি তুলেছেন স্থানীয়রা।
