আজকের দিনেপূজা দর্পনযেদিকে দু-চোখ যায়

KASHMIR SNOWFALL : ভূস্বর্গে আগাম শীত! মরসুমের প্রথম তুষারপাত গুরেজ়ে, পুজোর ছুটিতে কাশ্মীর যাচ্ছেন?

কিউ ইন্ডিয়া বাংলা, জম্মু-কাশ্মীর :- পুজোর ঢাকে কাঠি পড়তে আর মাসখানেকও বাকি নেই, তার আগেই ভূস্বর্গ থেকে এল রোমাঞ্চকর খবর (KASHMIR SNOWFALL)। বুধবার মরসুমের প্রথম তুষারপাতের সাক্ষী থাকল উত্তর কাশ্মীরের গুরেজ় উপত্যকা (KASHMIR SNOWFALL)। সাদা চাদরে ঢাকল পাহাড়, হু-হু করে নামছে পারদ। পুজোর ছুটিতে কাশ্মীরমুখী বাঙালিদের জন্য এটি নিঃসন্দেহে সুখবর।

একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গুরেজ়ের তুলেইল উপত্যকার বিস্তীর্ণ এলাকা, বিশেষত উঁচু পাহাড়ি অঞ্চল ‘কাবুল গলি’ ঢেকে গিয়েছে বরফের পুরু সাদা চাদরে (KASHMIR SNOWFALL)। সবুজ ঘাস আর রুক্ষ পাহাড়ের গায়ে এই শুভ্র আস্তরণ উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্য একলহমায় বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

দুর্গাপুজোর ছুটিতে এমনিতেই পাহাড়প্রেমী বহু বাঙালি পর্যটক ভিড় জমান কাশ্মীরে। পুজোর মুখে এই তুষারপাত তাই উপরি পাওনা। তবে আনন্দের সঙ্গে থাকছে সতর্কতাও। তুষারপাতের জেরে পাহাড়ের উঁচু এলাকাগুলিতে তাপমাত্রা একধাক্কায় অনেকটা নেমে গিয়েছে। ফলে স্থানীয় বাসিন্দা এবং পাহাড়ি পথে যাতায়াতকারী পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। হঠাৎ পারদ পতনে ওই পথে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা।

যাঁরা উৎসবের ছুটিতে গুরেজ় বা উত্তর কাশ্মীরের অন্যান্য উঁচু এলাকায় যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ – ভারী শীতপোশাক-সহ আগাম প্রস্তুতি নিয়ে তবেই বেরোন। সাদা ভূস্বর্গের হাতছানি থাকলেও কনকনে ঠান্ডার মোকাবিলায় তৈরি থাকা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *