ISL-Mohun Bagan : পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন! জয়ের হ্যাটট্রিক করে ISL-এর শীর্ষে মোহনবাগান !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- যুবভারতীতে ফের সবুজ-মেরুন ঝড়। শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক মোহনবাগানের। শনিবার সন্ধ্যায় পাঞ্জাব এফসিকে ২-১ গোলে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক করল পানাজিওটিস দিলেমপেরিসের দল। এই জয়ের ফলে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল বাগান।(ISL-Mohun Bagan)
চোট সমস্যায় জর্জরিত মোহনবাগান। জেমি ম্যাকলারেন, মিগুয়েল ফিগুয়েরা, আপুইয়া নেই। তার উপর প্রথম ম্যাচে হোঁচট। ফলে পাঞ্জাব ম্যাচ ছিল অ্যাসিড টেস্ট। আর সেই পরীক্ষাতেই লেটার মার্কস নিয়ে পাশ করল বাগান।
ম্যাচের মাত্র ৩ মিনিটে ধাক্কা। সানাথোই সিংয়ের পাস থেকে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করে পাঞ্জাবকে এগিয়ে দেন আলফ্রেড প্লানাস। গোলকিপার বিশাল কাইথের কিছুটা ভুলও ছিল। এরপর ৬ মিনিটে সমির জেলকোভিচের শট লক্ষ্যভ্রষ্ট হয়। পালটা আক্রমণে ৮ মিনিটে পাঞ্জাবের সুযোগ রুখে দেন বিশাল।(ISL-Mohun Bagan)
১৫ মিনিটে বড় ধাক্কা, চোট পেয়ে মাঠ ছাড়েন সাহাল আবদুল সামাদ, পরিবর্তে নামেন অনিরুদ্ধ থাপা। ১৬ মিনিটে লি এরউইনের শট বাইরে যায়। তবে ১৮ মিনিটে আর ভুল করেননি এরউইন। সমিরের বাড়ানো বল থেকে বাঁ পায়ের নিখুঁত শটে সমতা ফেরান তিনি।
এরপর আক্রমণের ঝাঁজ বাড়ায় বাগান। ২৫ মিনিটে এরউইন, ৪০ মিনিটে জেলকোভিচের শট আটকে দেন পাঞ্জাব গোলরক্ষক অর্শদীপ সিং। অবশেষে ৪২ মিনিটে আসে জয়সূচক গোল। এরউইনের পাস থেকে বক্সের বাইরে থেকে ডান পায়ের দুরন্ত শটে জালে বল জড়ান দেজান দ্রাজিচ। ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় মোহনবাগান।(ISL-Mohun Bagan)
দ্বিতীয়ার্ধেও একই ছবি। ৪৯ মিনিটে থাপার শট অল্পের জন্য বাইরে। ৫৪ মিনিটে মেসি বাউলি, ৫৮ মিনিটে করিশ সরামের শট রুখে দেন বিশাল-ডিফেন্স। ৬৮ মিনিটে মিকায়েল মালসার শট ক্রসবারের উপর দিয়ে যায়।
শেষ দিকে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ নষ্ট করে বাগান। ৭৫ মিনিটে এরউইন, ৮১ ও ৮৪ মিনিটে লিস্টন কোলাসো এবং সংযুক্তি সময়ে মনবীর সিংয়ের পাস থেকে লিস্টন গোল মিস করেন।
টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠলেও এই ভুরি ভুরি সুযোগ নষ্টই চিন্তায় রাখবে কোচ দিলেমপেরিসকে। তবে পিছিয়ে পড়েও যেভাবে দল ঘুরে দাঁড়ালো, তা সমর্থকদের মনে নতুন করে আশা জাগিয়েছে।
