আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : গিল-ঝড়ে উড়ে গেল রাজস্থান, ফাইনালে বেঙ্গালুরুর প্রতিপক্ষ গুজরাট !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএল ২০২৬-এর কোয়ালিফায়ার ২-এ রাজস্থানকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে গুজরাট টাইটান্স। রাজস্থানের ২১৪ রান তাড়া করে শুভমান গিলের ১০৪ রানের সেঞ্চুরিতে ৮ বল বাকি থাকতেই জয়। ২০২২-এর পর ফের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ গিলদের সামনে, সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট বনাম রাজস্থান মহারণ শুরুতেই নাটকীয় মোড় নেয়। টস নিয়েই তৈরি হয় চরম বিভ্রান্তি। দু-দু’বার টস করতে হয় আম্পায়ারদের। শেষ পর্যন্ত টস ভাগ্য সঙ্গ দেয় রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগকে। গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সাহসী সিদ্ধান্ত নেন তিনি।

তবে শুরুতেই ধাক্কা খায় রাজস্থান। ওপেনার যশস্বী জয়সওয়াল মাত্র ১ রানেই প্যাভিলিয়নে ফেরেন। একদিক আগলে রেখে পাল্টা মার দিতে থাকেন তরুণ সেনসেশন বৈভব সূর্যবংশী। সহজাত আগ্রাসী মেজাজে গুজরাট বোলারদের শাসন করেন তিনি।

মিডল অর্ডারে অবশ্য কেউই দাঁড়াতে পারেননি। ধ্রুব জুরেল ৭, অধিনায়ক রিয়ান পরাগ ১১ রানেই থামেন। ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ দাসুন শানাকা ও জোফ্রা আর্চার। দু’জনের ব্যাট থেকে আসে যথাক্রমে ৩ ও ৭ রান।

তবে একাই লড়ে যান বৈভব। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর। ৪৭ বলে ৯৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন তিনি। শেষবেলায় ঝড় তোলেন ডোনোভান ফেরেরা। মাত্র ১১ বলে ৩৮ রানের টর্নেডো ইনিংসে স্কোরবোর্ডে গতি আনেন।

গুজরাটের হয়ে বল হাতে সফল কাগিসো রাবাডা ও জেসন হোল্ডার। দু’জনেই নেন ২টি করে উইকেট। ১টি করে শিকার মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৪ রান তোলে রাজস্থান রয়্যালস।

২১৪ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে গুজরাট টাইটান্স। ওপেনিং জুটিতে স্বপ্নের সূচনা করেন সাই সুদর্শন ও অধিনায়ক শুভমান গিল। রাজস্থানের বোলিংকে কার্যত শাসন করতে থাকেন দুই ওপেনার।

দুর্ভাগ্যজনকভাবে ছন্দপতন ঘটে সাই সুদর্শনের। গুরুত্বপূর্ণ ম্যাচে ৩২ বলে ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলেও হিট উইকেট হয়ে ফিরতে হয় তাঁকে। কিন্তু একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের দিকে নিয়ে যান ক্যাপ্টেন শুভমান গিল। ব্যাট হাতে যেন রাজকীয় মেজাজে ছিলেন গিল। কোয়ালিফায়ারের চাপ সামলে খেললেন ম্যাচজয়ী সেঞ্চুরি। মাত্র ৫৩ বলে ১০৪ রানের বিধ্বংসী ইনিংসে ছিল ক্লাস আর আগ্রাসনের মিশেল। তাঁর ব্যাটে ভর করেই ফাইনালের টিকিট নিশ্চিত করে গুজরাট। শেষদিকে জস বাটলার ৯ রানে অপরাজিত থাকেন। ক্যামিও ইনিংস খেলেন রাহুল তেওয়াটিয়া। ৯ বলে ১৭ রানের ঝড় তুলে ম্যাচ দ্রুত শেষ করেন তিনি। ওয়াশিংটন সুন্দর ১৬ রান করে আউট হলেও জয়ে বাধা হয়নি।

রাজস্থানের বোলাররা গোটা ইনিংসেই প্রভাব ফেলতে ব্যর্থ। না ছিল লাইন-লেন্থ, না ছিল প্ল্যান। সেই সুযোগ কাজে লাগিয়ে ৮ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ পকেটে পুরে নেয় গুজরাট টাইটান্স।

প্রথমে ব্যাট করে বৈভব সূর্যবংশীর ৯৬ আর ফেরেরার ক্যামিওতে ২১৪ তুলেও শেষরক্ষা হল না রাজস্থানের। কোয়ালিফায়ারের মতো হাইভোল্টেজ ম্যাচে শুভমান গিলের রাজকীয় সেঞ্চুরি আর ওপেনিং ঝড়েই স্বপ্নভঙ্গ হল রিয়ান পরাগের দলের। বোলিং ব্যর্থতাই ডোবাল রাজস্থানকে। অন্যদিকে ঠান্ডা মাথায় রান তাড়া করে ফাইনালে জায়গা করে নিল গুজরাট। আইপিএল ২০২৬-এর মেগা ফাইনালে এবার বেঙ্গালুরুর মুখোমুখি হবে শুভমান গিলের গুজরাট টাইটান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *