আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

মমতাকে সরাতে বিজেপির সঙ্গে ‘ডিল’ হুমায়ুনের, বিস্ফোরক ভিডিও ঘিরে তোলপাড়

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ রাজ্য রাজনীতিতে ফের এক বিস্ফোরক অধ্যায়। এতদিন তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করে আসছিল, সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে (যার সত্যতা যাচাই করা হয়নি) যেন সেই অভিযোগেই সিলমোহর পড়ল। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরকে ওই ভিডিওতে বলতে শোনা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে তিনি সরাসরি বিজেপি নেতৃত্বের সঙ্গে হাত মিলিয়েছেন। শুধু তাই নয়, বিনিময়ে উপমুখ্যমন্ত্রীর পদ এবং এক হাজার কোটি টাকার একটি ‘ব্লু-প্রিন্ট’ নিয়েও আলোচনা হয়েছে বলে দাবি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে হুমায়ুন দাবি করেছেন, তিনি যে কোনও মূল্যে মমতাকে হারাতে চান এবং এই বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তরের  সঙ্গেও তাঁর কথা হয়েছে। তাঁর কথায়: “প্রধানমন্ত্রী দপ্তর থেকেই আমাকে বলা হয় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে কথা বলতে। মোহন যাদবজির সঙ্গে আমার নিয়মিত কথা হচ্ছে।” তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হুমায়ুন কবীর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগের কথা স্বীকার করছেন। তাঁর দাবি অনুযায়ী, শুভেন্দু তাঁকে জানিয়েছেন যে বিজেপি এককভাবে ১০০-১২০টির বেশি আসন পাবে না। কিন্তু যদি মমতার নিশ্চিত মুসলিম ভোটব্যাঙ্কে থাবা বসানো যায়, তবেই বিজেপির জয় নিশ্চিত। হুমায়ুনের যুক্তি হলো:

  • মুসলিমরা সরে গেলে হিন্দু ভোটাররা নিশ্চিত হয়ে বিজেপিকে ভোট দেবে।

  • বাবরি ইস্যু তুলে তিনি ইতিমধ্যে মুসলিমদের আবেগকে নিজের দিকে টেনেছেন।

  • রাজ্যের ৭০-৮০টি মুসলিম অধ্যুষিত আসনে তিনি জয়লাভ করতে পারবেন বলে আশাবাদী।

ভিডিওর সবথেকে চাঞ্চল্যকর অংশ হলো নির্বাচনী খরচের খতিয়ান। দ্বিতীয় এক ব্যক্তির প্রশ্নের উত্তরে হুমায়ুনকে বলতে শোনা যায়, মুসলিমদের প্রভাবিত করার পরিকল্পনা কার্যকর করতে প্রতিটি কেন্দ্রে ৩-৪ কোটি টাকা প্রয়োজন। সব মিলিয়ে ১০০০ কোটি টাকা দাবি করেছেন তিনি। বিনিময়ে বিজেপি তাঁকে উপমুখ্যমন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছে বলেও তিনি দাবি করেন।

যদি নির্বাচনে তৃণমূল বা বিজেপি কোনও পক্ষই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে নিজেকে ‘কিংমেকার’ হিসেবে দেখছেন হুমায়ুন। আর সেই পরিস্থিতিতে তিনি যে বিজেপিকেই সমর্থন করবেন, তা ভিডিওতে স্পষ্ট করে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস শুরু থেকেই দাবি করে আসছিল যে, হুমায়ুন কবীর আদতে বিজেপির ‘বি-টিম’ হিসেবে কাজ করছেন। এই ভিডিও প্রকাশ্যে আসার পর সেই রাজনৈতিক তরজা এখন তুঙ্গে। যদিও ভিডিওটির সত্যতা নিয়ে এখনও ধন্দ রয়েছে, তবে নির্বাচনের মুখে এই ‘ডিল’ তত্ত্ব যে রাজ্যের সমীকরণ বদলে দিতে পারে, তা বলাই বাহুল্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *