মানুষের সেবায় নতুন পথচলা, স্বেচ্ছাসেবী সংস্থা খুললেন অভিনেতা জীতু কমল
কিউ ইন্ডিয়া বাংলা, বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি সমাজসেবায় এক বড় পদক্ষেপ নিলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা জীতু কমল। আর্তমানবতার সেবায় তিনি গড়ে তুললেন নিজের স্বেচ্ছাসেবী সংস্থা— ‘জীতু কমল অ্যান্ড দ্য ইউনিভার্স সোশ্যাল ট্রাস্ট’। আগামী ১১ জুলাই একটি সাদামাটা অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সংস্থার পথচলা শুরু হবে।
কেন এই উদ্যোগ?
করোনা মহামারি এবং পরবর্তী সময়ে টলিপাড়ার একাধিক সহকর্মীর অকাল মৃত্যু অভিনেতার মননে গভীর প্রভাব ফেলেছে। জীতু জানান, গত কয়েক বছরে অনুরাগীদের থেকে যে ভালোবাসা ও উপহার তিনি পেয়েছেন, তা থেকেই মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ অনুভব করেন। তাঁর কথায়, “অনুরাগীরা আমাকে অনেক টাকাও পাঠান। একটা সময়ের পর আমার মনে হলো, এই অর্থ যদি মানুষের উপকারে লাগে, তবে অনেকের মুখে হাসি ফুটবে। আমি আমার পরিবার নিয়ে ভালো আছি, তাই অতিরিক্ত সঞ্চয়ের চেয়ে মানুষের সেবার পথ বেছে নেওয়াকেই শ্রেয় মনে করেছি।”
স্বামী বিবেকানন্দের আদর্শ— ‘দরিদ্র সেবাই শিবের শ্রেষ্ঠ পূজা’— থেকেই তিনি এই অনুপ্রেরণা পেয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা।
সংস্থার লক্ষ্য ও কাজের পরিধি
এই সংস্থা শুধুমাত্র দান নয়, বরং প্রকৃত সেবা প্রদানে বিশ্বাসী। সংস্থার মূল কাজের ক্ষেত্রগুলো হলো:
-
দুস্থদের সহায়তা: সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো।
-
কলাকুশলীদের পাশে: টালিগঞ্জের স্টুডিওপাড়ার যে সমস্ত টেকনিশিয়ান বা দিন আনি দিন খাই কলাকুশলীরা সমস্যার সম্মুখীন হন, তাদের যথাসাধ্য সাহায্য করা।
-
ভবিষ্যৎ প্রজন্ম: তরুণ প্রজন্মকে সেবামূলক কাজে অনুপ্রাণিত করা।
জীতু কমল জানিয়েছেন, এই উদ্যোগে শুধুমাত্র তিনি একা নন, বিভিন্ন ক্ষেত্রের সফল পেশাদাররাও স্বেচ্ছায় যুক্ত হয়েছেন। সংস্থার রেজিস্ট্রেশনসহ যাবতীয় আইনি প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। অভিনেতার কথায়, “আমার উদ্দেশ্য হলো মানুষের সাথে বেঁধে থাকা। আগামী কে দেখেছে, তাই বর্তমানের এই ভালো কাজগুলোই বড় সম্পদ।”
সম্প্রতি একটি ধারাবাহিকের কাজ শেষ করেছেন জীতু। বর্তমানে অভিনয়ের নতুন কাজের চেয়ে নিজের এই স্বপ্নের সংস্থাকে দাঁড় করানোর কাজেই বেশি মগ্ন তিনি। ১১ জুলাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ না করে বরং সাদামাটাভাবে করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।
