East Bengal : ডাচ তারকা রাজীব ভান লেপকে টার্গেট ইস্টবেঙ্গলের, রহিম আলিকে নিয়ে দুই প্রধানের টানাটানি !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- এএফসি কাপের কথা মাথায় রেখে দলবদলের বাজারে আগ্রাসী মেজাজে ইস্টবেঙ্গল। নেদারল্যান্ডসের ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার রাজীব ভান লেপের সঙ্গে কথাবার্তা শুরু করেছে লাল-হলুদ শিবির। অন্যদিকে জাতীয় দলের স্ট্রাইকার রহিম আলিকে নিয়েও শুরু হয়েছে ইস্ট-মোহন দ্বৈরথ।
দল গঠনের প্রক্রিয়া জোরকদমে চালাচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারা। ইতিমধ্যেই বেশ কিছু ফুটবলারের সঙ্গে চুক্তি সারা। এবার নজরে ডাচ ফুটবলার রাজীব ভান লেপ। দুই উইং ছাড়াও সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন তিনি। নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ দলে খেলার পাশাপাশি জার্মানি, ইংল্যান্ডের বিভিন্ন ক্লাব এবং চ্যাম্পিয়ন্স লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে রাজীবের। বর্তমান মার্কেট ভ্যালু ১.৬০ কোটি টাকা।
এদিকে উড়িশা এফসির স্ট্রাইকার রহিম আলিকে নিয়ে টানাটানি শুরু করেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। জাতীয় দলে খেলা রহিমের সঙ্গে উড়িশার আরও এক বছরের চুক্তি থাকায় তাঁকে পেতে গেলে মোটা ট্রান্সফার ফি দিতে হবে। দুই দলেই রহিমের মতো স্ট্রাইকার থাকা সত্ত্বেও কেন তাঁকে নিয়ে এই দড়ি টানাটানি, উঠছে প্রশ্ন।
এএফসি-র লক্ষ্যে শক্তিশালী স্কোয়াড গড়তে মরিয়া ইস্টবেঙ্গল। রাজীব ভান লেপের মতো বহুমুখী বিদেশিকে আনতে পারলে আক্রমণে ধার বাড়বে। তবে রহিম আলিকে নিয়ে দুই প্রধানের লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার।
