আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Debraj-ED : আরও বিপাকে অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ: সম্পত্তির উৎস খুঁজতে মাঠে নামছে ইডি !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- গ্রেপ্তারির পর আরও আইনি ফাঁসে জড়ালেন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই নেতার বিপুল সম্পত্তির উৎস ও আর্থিক লেনদেনের খোঁজে এবার তদন্ত শুরু করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লিতে রিপোর্ট পাঠানোর পর ইসিআইআর দায়ের হতে পারে বলে ইডি সূত্রে খবর।

কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হতেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলির একটি হোটেলে গা-ঢাকা দিয়েছিলেন বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। প্রযুক্তির সাহায্যে বুধবার সন্ধ্যায় বেঙ্গল এসটিএফ ও বিধাননগর পুলিশের যৌথ অভিযানে সেখান থেকেই গ্রেপ্তার হন তিনি। বিক্ষোভ এড়াতে ভোররাতে বাগুইআটি থানায় আনা হয় দেবরাজকে।

আয়বহির্ভূত সম্পত্তি, তোলাবাজি, আর্থিক অনিয়মের মামলায় ধৃত দেবরাজের বিরুদ্ধে এবার সক্রিয় হচ্ছে ইডি। কীভাবে এত সম্পত্তির মালিক হলেন তিনি, বেনামে লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় সংস্থা। ইডি সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তথ্য সংগ্রহ করে দিল্লিতে রিপোর্ট পাঠানো হবে। তার ভিত্তিতেই মামলা বা ইসিআইআর করার সিদ্ধান্ত নেওয়া হবে।

২০২৬-এর ভোটের আগে দেবরাজ ও তাঁর স্ত্রী, প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে হস্তান্তরের অভিযোগ ওঠে। এছাড়া নির্বাচনী হলফনামায় সম্পত্তি কম দেখানো, সিন্ডিকেট, জমি দখলের অভিযোগও রয়েছে। চার মাসের সন্তানের কথা ভেবে হাই কোর্ট অদিতিকে আগাম জামিন দিলেও দেবরাজের আবেদন খারিজ করে দেয়।

রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর এবার কেন্দ্রীয় সংস্থার নজরে দেবরাজ চক্রবর্তী। অভিষেক ঘনিষ্ঠ এই নেতার বিরুদ্ধে ইডির তদন্ত শুরু হওয়ায় ২০২৬-এর ভোটের আগে তৃণমূলের অস্বস্তি আরও বাড়ল। বাগুইআটির একসময়ের ‘দাপুটে’ নেতার সম্পত্তির হিসেব-নিকেশ এবার খতিয়ে দেখবে কেন্দ্রীয় সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *